আরও চার বছর খেলতে চান শোয়েব
বয়স বেড়েছে, শরীরের ওজনও। ক্যারিয়ারের শুরুর দিকের শোয়েবের সঙ্গে এই শোয়েব আখতারের বিস্তর ফারাক। তার পরও আন্তর্জাতিক ক্রিকেটে আরও চার বছর খেলতে চান পাকিস্তানি স্পিডস্টার, ‘যেভাবে খেলছি এবং ফিটনেস ধরে রাখতে যে পরিশ্রম করছি, তাতে আত্মবিশ্বাস নিয়ে এটা বলতেই পারি, আমি আগামী বিশ্বকাপটা তো খেলছিই, আরও চার বছরও খেলতে পারি (পাকিস্তান) দলে।’শুধু ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি দলেই নয়, পাকিস্তানের টেস্ট দলেও জায়গা করে নিতে চান বিশ্ব ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ১০০ মাইলের গণ্ডি পেরোনো শোয়েব। আগামী ডিসেম্বরের নিউজিল্যান্ড সফরই লক্ষ্য তাঁর, ‘আমি এখনো বিশ্বাস করি, পাকিস্তানের হয়ে আরও টেস্ট খেলার যোগ্যতা আমার আছে। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সফরেই দলে ফিরতে চাই।’গত ইংল্যান্ড সফরে এবং সফর শেষে স্পট ফিক্সিং বিতর্ক দল ও খেলোয়াড়দের মনোবল ভেঙে দিয়েছে। এখন আত্মবিশ্বাস ফিরিয়ে আনাটাই দলের সামনে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি, ‘দলের মনোবল ফিরিয়ে আনতে এসব সমস্যা কাটিয়ে ওঠাটাই বেশি গুরুত্বপূর্ণ।’ শোয়েব বিশ্বাস করেন, পাকিস্তান দলে প্রতিভার কমতি নেই। ‘বিশ্বসেরা’ হওয়ার সব রসদ আছে দলটিতে। তার পরও পাকিস্তানের বিশ্বসেরা দল হয়ে না ওঠার কারণ হিসেবে অন্তঃকোন্দল ও দলীয় ক্রিকেটারদের বিতর্কে পড়াটাকেই দেখছেন শোয়েব। ক্যারিয়ারের বেশির ভাগ সময় মাঠে ও মাঠের বাইরের বিতর্কে কেটেছে যাঁর, সেই শোয়েব বলছেন, ‘আমি পুরোপুরি আত্মবিশাসী, বিশ্বের যেকোনো দলকে হারিয়ে দেওয়ার মতো প্রতিভাবান খেলোয়াড় আছে আমাদের। এখন দরকার সঠিক সমন্বয়টাকে আত্মবিশ্বাসের সঙ্গে কাজে লাগানো।’ ওয়েবসাইট।