আরও জট পাকাল হকির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হকির অচলাবস্থা কাটছেই না। ফেডারেশনের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে কাল পদত্যাগ করেছেন দুই সহসভাপতি খোন্দকার জামিলউদ্দিন ও কে এম আর মঞ্জুর, কার্যনির্বাহী কমিটির সদস্য সুলতান আহমেদ, নাজিউর রহমান ও শফিকুল ইসলাম। পদত্যাগের তালিকাটা আরও লম্বা হতে পারে।কাল লিগ কমিটির সভার পরও অনেক সমস্যার সমাধান হয়নি। আগামী ২-৪ জুলাই দলবদলের তারিখ থাকলেও সেটা মানতে চাইছে না মোহামেডান, মেরিনার্স, ওয়ারী, ওয়ান্ডারার্স, অ্যাজাক্স ও বাংলাদেশ স্পোর্টিং। জাতীয় ক্রীড়া পরিষদের পাঁচজন কাউন্সিলরের চারজনকেই বদলানোর দাবি জানিয়েছে এই ক্লাবগুলো। এই সমস্যার সমাধান না হলে দলবদলে না-ও অংশ নিতে পারে ক্লাবগুলো। বিদেশি খেলোয়াড়ের কোটা আগের মতো পাঁচজনই থাকছে। তবে চারজন খেলতে পারবেন। বিকেএসপির খেলোয়াড় নেওয়ার ব্যাপারেও অবশ্য বিধিনিষেধ নেই।তবে এত সব সমস্যা এড়িয়ে হকির বৃহত্তর স্বার্থে সবাইকে এগিয়ে আসার অনুরোধ করলেন সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, ‘নির্বাচনের কারণেই এনএসসির কাউন্সিলর বদলানোর বিষয়টা ক্লাবগুলো তুলে এনেছে। কিন্তু খেলা আর নির্বাচন একই সঙ্গে টেনে আনা ঠিক নয়। হকির বৃহত্তর স্বার্থে আমাদের সবাইকে কাজ করতে হবে।’ যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের বিষয়ে আগামীকালের নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন রহমতউল্লাহ।