গত মৌসুমে অস্ট্রিয়ায় হকি লিগে খেলেছিলেন। এবার আর ইউরোপে যেতে আগ্রহ দেখাননি মাকসুদ আলম হাবুল। কিন্তু দেশেও কোনো ক্লাব পাচ্ছিলেন না। ঘোর অনিশ্চয়তার মধ্যে জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড তিন দিন আগে ঠিকানা খুঁজে পেলেন। সবকিছু ঠিক থাকলে ঊষা ক্রীড়াচক্রে নাম লেখাবেন পুরান ঢাকার খেলোয়াড়।
হাবুল নিজেকে ভাগ্যবান ভাবতে পারেন। কিন্তু খেলোয়াড়দের একটা বৃহৎ অংশ ঘোর অনিশ্চয়তায় এখনো। দল পাবেন কি না, ঠিক নেই। মোহামেডান, ওয়ারী ও মেরিনার্স দলবদল না করার সিদ্ধান্তে যে অটল। এমনিতে হকিতে সে অর্থে পারিশ্রমিক একেবারেই নগণ্য। এক-দুই লাখ টাকায় খেলেন অনেকেই। কারও কারও আরও কম। হাতে গোনা কয়েকজন এর চেয়ে অবশ্য আরও বেশি পেয়ে আসছিলেন। কিন্তু হকি অঙ্গনে ক্লাব রাজনীতির বলি ঘুরেফিরে সেই খেলোয়াড়েরাই। বর্তমান ভজকট অবস্থায় পারিশ্রমিকের অঙ্কটাও অনেক কমে গেছে। হকি খেলোয়াড়েরা আরও দুর্দিনেই পড়ে গেলেন।
ক্রিকেট ও ফুটবলের দলবদলে টাকার ছড়াছড়ি। ফুটবলের মান যাই হোক, খেলোয়াড়দের পারিশ্রমিক প্রায় ৪০ লাখ টাকা ছুঁয়েছে। মোহামেডানের হয়ে ৩৫ লাখ টাকায় চুক্তি করে দলবদলের আগে ৩৩ লাখ পেয়েও সই করতেই রাজি হচ্ছিলেন না সাফে অনুজ্জ্বল জাহিদ। পুরো ৩৫ লাখ না হলে সই করবেন না, এ নিয়ে কঠোর অবস্থান নিয়ে শেষ পর্যন্ত ক্লাবের চাপের কাছে হার মেনেছেন এই উইংগার।
হকি খেলোয়াড়দের কেউ অমন করার সুযোগ পাবেন, এটা মঙ্গল গ্রহে যাওয়ার মতো কল্পনা! পারিশ্রমিক নিয়ে দর-কষাকষি দূরে থাক, ১৫ নভেম্বর শুরু হওয়া হকির দলবদল উত্তাপহীন। গত মৌসুমে মোহামেডান খেলোয়াড়দের পারিশ্রমিক দিয়েছিল ভালোই। সাত-আট লাখ টাকাও উঠে গিয়েছিল, এবারের মৌসুমের জন্য মোহামেডান অনেক আগেই গতবারের চেয়েও বেশি দিয়ে জিমি-জাহিদসহ এক ঝাঁক খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করেছে। কিন্তু সেই মোহামেডানই দলবদলে না আসায় সবই নিষপ্রাণ এখন।
এমনিতেই খেলোয়াড় সংকট চলছে। বহিষ্কারের কারণে জিমি, জাহিদ, চন্দনরাসহ প্রথম সারির আট-নয়জন খেলোয়াড়কে তো এবার দেখা যাবে না মাঠে। ফেডারেশনের নির্বাচনী দ্বন্দ্বই যত অকল্যাণ বয়ে এনেছে হকিতে। মোহামেডান দলবদল না করায় তাদের চুক্তিবদ্ধ খেলোয়াড়েরা অন্য দলেও যেতে পারছেন না। আবাহনী ওই খেলোয়াড়দের কয়েকজনকে প্রস্তাব দিয়েছে বটে, কিন্তু মোহামেডান ছাড়ছে না।
উপরন্তু আবাহনীসহ গোটা তিনেক দল বিকেএসপির বেশ কয়েকজন করে খেলোয়াড় নিচ্ছে। খেলোয়াড়দের চাহিদা তাই আরও কমে গেছে। গত পাঁচ দিনে খেলোয়াড় নিবন্ধন হয়েছে মাত্র ছয়জন! নিবন্ধন চলবে আর দুই দিন। এই সময়েও খেলোয়াড়দের জন্য ভালো কোনো খবর নেই। দলবদল না হয় হলোই। খেলা মাঠে গড়ালেও মোহামেডান-মেরিনার্সকে ছাড়া সেটি কী জমবে?
উত্তরটা ‘না’বোধকই। খেলায় আকর্ষণ রাখতে তাই লিগের বাইলজে এসেছে সংশোধন। এবার সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর মতো সার্ভিসেস দলের খেলোয়াড়েরাও খেলতে পারবেন লিগে, যে সুযোগ আগে ছিল না। তাই নৌবাহিনীর চয়ন, কৃষ্ণ কুমারদের দেখা যেতে পারে ঊষায়।
তবে মোহামেডান জোট না খেললে অন্তত ৭০-৮০ জন খেলোয়াড় দর্শকই থাকবেন। তরুণ খেলোয়াড় উঠে আসার পথে তা বড় এক দুসংবাদই। হতাশ জাতীয় দলের স্ট্রাইকার পুস্কর খীসা জানাচ্ছেন, ‘হল্যান্ডে চলে যাওয়ার প্রক্রিয়া চলছে আমার। ওই দেশে গেলে আর নাও ফিরে আসতে পারি। এ দেশে হকির ভবিষ্যৎ দেখছি না।’ হাসান যুবায়ের বলছেন, ‘মোহামেডান-মেরিনার্স না এলে অনেক খেলোয়াড়ই ক্লাব পাবেন না। অনেকে পেলেও পারিশ্রমিক হবে নামমাত্র।’
হকির প্রতি নতুন প্রজম্ম তাহলে আর আকৃষ্ট হবে কেন!