আরও দেখতে চান ডি ক্রুইফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন ধরেই অপেক্ষা সাফ ফুটবলের জন্য বাংলাদেশের ২৩ জনের দলের। ৩৫ জন থেকে ধাপে ধাপে দলটাকে ২৬ জনে নামিয়েও এনেছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। কিন্তু খেলোয়াড়দের আরও দেখার পরিকল্পনা নিয়ে এ পর্যন্ত এসেই আপাতত থামছেন ডি ক্রুইফ। জার্মানিপ্রবাসী ফুটবলার রিয়াসাত খাতনের আজ ঢাকা এসে অনুশীলনে যোগ দেওয়ার কথা। কোচ তাঁকে দেখবেন আগে, তারপর পা ফেলবেন পরের ধাপে। সেটি বোঝা গেল কাল কোচের কথায়, ‘দলে ভিন্ন ভিন্ন ধরনের ফুটবলার দরকার আমার।’ খেলোয়াড়দের পরখ করতে কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হলো আরেকটি অনুশীলন ম্যাচ। বিজেএমসির বিপক্ষে ওই ম্যাচের পর খেলোয়াড়দের মধ্যে নতুন কিছু আবিষ্কারের কথা বললেন ডি ক্রুইফ, ‘প্রতিদিনই খেলোয়াড়দের মধ্যে নতুন কিছু না-কিছু দেখছি আমি, যেটা দলের জন্য ভালো। তাই আমি যত দিন সম্ভব এই ২৬ জনকেই রাখতে চাই।’খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মানসিকতা বাড়ানোর কৌশলই নিয়েছেন নতুন কোচ। এতে কাজও হচ্ছে। দলে জায়গা পেতে লড়ছেন খেলোয়াড়েরা। সেটিকে ইতিবাচক বলে পরক্ষণেই জানালেন শেষ কথাটা, ‘এ মাসের শেষ দিকে থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্প করতে যাওয়ার আগে হয়তো এক-দুজন বাদ পড়তে পারে। নইলে আপাতত বাকি সবই ঠিক থাকবে।’এই সিদ্ধান্ত নেওয়ার বড় কারণ, বিজেএমসির বিপক্ষে জাতীয় দলের পারফরম্যান্স খুশি করতে পারেনি কোচকে। এই দলটার বিপক্ষে আগের অনুশীলন ম্যাচে জাতীয় দল জিতেছিল ৪-২ গোলে। কালকের জয়টা আরও বড়, ৩-০। ম্যাচ নিয়ে কোচের কথা, ‘প্রথমার্ধ ভালো খেলিনি আমরা। দ্বিতীয়ার্ধে পনেরো মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচটা শেষ করে দিয়েছি। কিন্তু শেষ ২০-২৫ মিনিট আবার গড়পড়তা ফুটবল খেলেছি আমরা।’গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে উইঙ্গার মোবারক ম্যাচটা পাল্টে দেন। দুটি গোল তৈরি করে দিয়েছেন তিনি। পেনাল্টি থেকে এমিলি করেছেন দলের দ্বিতীয় গোলটি, বাকি দুটি ওয়াহেদের। জাতীয় দলের পোস্টে দুই অর্ধে ছিলেন মামুন খান ও বিপ্লব। দ্বিতীয়ার্ধে বিপ্লব পেনাল্টি আটকে দিয়েছেন। তবে গোলরক্ষক হিসেবে কাকে প্রথম পছন্দ, সেটি গোপনই রাখলেন ডি ক্রুইফ।