কত দ্রুত দৌড়াতে পারেন উসাইন বোল্ট, এটা নিয়ে তর্ক হতে পারে। কিন্তু বিশ্বের দ্রুততম মানব যে আরও দ্রুত দৌড়াতে পারেন, এটা নিয়ে কোনো সন্দেহই নেই মাইকেল জনসনের। বোল্টকে নিয়ে তাঁর এই বিশ্বাসটা যুক্তির নিক্তিতে মাপা। কারণ মাইকেল জনসন নিজেও ট্র্যাকের একজন কিংবদন্তি।‘আমি জানি, সে আরও দ্রুত দৌড়াতে পারে। আরও জোরে দৌড়াবে কিংবা দৌড়াবে না, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি জানি সে আরও দ্রুত দৌড়াতে পারে’—বললেন জনসন।কিন্তু তাঁর এই বিশ্বাসের ভিত্তি কী? জনসন বলছেন, ‘একজন অ্যাথলেট হিসেবে তাকে বিশ্লেষণ করেছি এবং তার দৌড় দেখেছি, তার ওপর বায়োমেকানিক্যাল বিশ্লেষণ করে দেখেছি...আরও দ্রুত দৌড়ানোর ক্ষমতা তার আছে। সুতরাং আমি মনে করি রক্তমাংসের একজন মানুষ আরও দ্রুত দৌড়াতে পারে।’অলিম্পিকের চারটি এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯টি সোনাজয়ী মাইকেল জনসনের টাইমিংকে পেছনে ফেলে ২০০ মিটারে বিশ্ব রেকর্ড গড়েছেন বোল্ট। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে ১৯.৩০ সেকেন্ড সময় নিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েন বোল্ট, এর আগে এই ইভেন্টে জনসনের ১৯.৩২ সেকেন্ডের রেকর্ডটি প্রায় ১৭ বছর অক্ষত ছিল। অবশ্য ৪০০ মিটারে ১৯৯৯ সালে গড়া জনসনের ৪৩.১৮ সেকেন্ডকে ছড়িয়ে যেতে পারেনি কেউ। এই সময়ের ধারেকাছেও আসতে পারেনি কেউ। তাঁর রেকর্ডের পর এই ইভেন্টে সেরা টাইমিংটি ছিল জেরেমি ওয়ারিনারের, ৪৩.৪৫ সেকেন্ড। রেকর্ড গড়া হয় ভাঙার জন্যই। তাই জনসনের কাছে নতুন রেকর্ড কোনো বিস্ময় হয়ে আসে না, ‘সত্যি বলতে কী, বিশ্ব রেকর্ডের ব্যাপারগুলো আমাকে বিস্মিত করে না। এই একটা ব্যাপার নিয়ে আপনি কোনো ভবিষ্যদ্বাণী করতে পারেন না। ২০০ মিটারে আমি নতুন রেকর্ড গড়লে মানুষ বলাবলি করত লং জাম্পে বব বিমনের রেকর্ডের চেয়ে এটি দীর্ঘস্থায়ী হবে। তখন আমি মনে মনে বলেছি “তুমি কী করে এটা জানো।’”বোল্ট আরও দ্রুত দৌড়াতে পারেন বলে যেমন বিশ্বাস তাঁর, তেমনি একটা বিশ্বাস নিজেকে নিয়েও—‘তাঁর রেকর্ড গড়া ইভেন্টগুলোয় আরও দ্রুত দৌড়াতে পারতেন।’ কিন্তু ট্র্যাকে নামার আগে তাঁর প্রথম লক্ষ্যই থাকত দৌড়ে প্রথম হওয়া। রেকর্ড গড়াটা কখনোই তাঁর প্রথম লক্ষ্য ছিল না। রেকর্ড গড়াই প্রথম লক্ষ্য হলে তাঁর টাইমিং আরও উন্নত হতো বলে মনে করেন এই আমেরিকান কিংবদন্তি। ওয়েবসাইট।