আরও পাঁচ ইনডোর
ঢাকা ও ঢাকার বাইরে অনুশীলনের সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ২২ আগস্টের বোর্ড সভায় ঢাকায় দুটি ও ঢাকার বাইরে আরও তিনটি ইনডোর প্র্যাকটিস গ্রাউন্ড নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।ঢাকার ইনডোরগুলোর মধ্যে ধানমন্ডি ক্রিকেট মাঠে ইনডোর আগে থেকেই আছে। বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে এটি সংস্কারের। এ ছাড়া কলাবাগান ক্লাব মাঠ ও পুরান ঢাকায় আরও দুটি ইনডোর গ্রাউন্ড নির্মাণের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস, ‘কলাবাগান মাঠে একটা ইনডোরের ফাউন্ডেশন তোলা আছে। সেখানেও একটি ইনডোর হবে। এ ছাড়া পুরান ঢাকায় আরেকটি ইনডোরের জন্য জায়গা খুঁজতে বলা হয়েছে।’ঢাকার বাইরের ইনডোর তিনটি হবে সিলেট, বরিশাল ও ময়মনসিংহে। বর্তমানে ইনডোর প্র্যাকটিসের সুবিধা আছে মিরপুর স্টেডিয়াম, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এর মধ্যে রাজশাহী ইনডোর ছাড়া বাকি সব কটি ইনডোরেই বসানো আছে অ্যাস্টোটার্ফ।