আরও পাঁচ বছর রিয়ালেই থাকছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সবকিছু ঠিক আছে’, রিয়াল মাদ্রিদের সমর্থকদের হয়তো এই বার্তাই দিচ্ছেন রোনালদো। ছবি: রয়টার্স
‘সবকিছু ঠিক আছে’, রিয়াল মাদ্রিদের সমর্থকদের হয়তো এই বার্তাই দিচ্ছেন রোনালদো। ছবি: রয়টার্স

রিয়াল মাদ্রিদে নাকি মন বসছে না, ২০১৫ সালে চুক্তির মেয়াদ শেষ হলেই পাড়ি জমাবেন ম্যানচেস্টার ইউনাইটেডে, ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এমন অনেক গুজবই ছড়িয়েছিল। সেসব কথার যে আসলেই কোনো ভিত্তি ছিল না, সেটারই প্রমাণ দিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদটা বাড়িয়ে নিলেন ২০১৭-১৮ মৌসুম পর্যন্ত। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ধারণা করা হচ্ছে, নতুন এই চুক্তি অনুযায়ী তিনিই হবেন সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়।

নতুন চুক্তিতে কবে স্বাক্ষর করবেন, সেটা নিয়ে যখন রহস্য চলছিল, তখন ফরাসি লিগের প্যারিস সেইন্ট জার্মেইনসহ অন্য বেশ কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব এসেছিল রোনালদোর কাছে। তবে পুরোনো ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়েই সন্দেহটা ছিল সবচেয়ে বেশি। নতুন করে পাঁচ বছরের চুক্তি করার পর অবশ্য সেসব সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন রোনালদো, ‘সবাই জানে যে আমি ছয় বছর ম্যানচেস্টারে ছিলাম আর ক্লাবটা আমাকে অনেক কিছু দিয়েছে যেগুলো আমি ভুলতে পারব না। কিন্তু এখন ম্যানচেস্টার ইউনাইটেড অতীত। রিয়াল মাদ্রিদই আমার বর্তমান ক্লাব। এটাই আমার ঘর। অন্য যে ক্লাবগুলো আমার কাছে প্রস্তাব নিয়ে এসেছে, আমি তাদেরও সম্মান জানাই। ভবিষ্যত্ কী হবে কেউই জানে না। কিন্তু এখন আমি এখানে খুবই ভালো আছি। আমি এখন ক্লাবের জন্য শিরোপা জিততে চাই।’

দলের তারকা খেলোয়াড়টিকে আরও পাঁচ বছরের জন্য ধরে রাখতে পেরে হয়তো হাঁপ ছেড়ে বেঁচেছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। চুক্তি স্বাক্ষরের পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আজ রিয়াল মাদ্রিদের জন্য একটা চমত্কার দিন। আজ আমরা পুরো মাদ্রিদ পরিবারের স্বপ্নটা উপলব্ধি করতে পেরেছি। ক্রিস্টিয়ানো রোনালদো আগামী পাঁচ মৌসুমের জন্য থাকছে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবেই।’

নতুন চুক্তি অনুযায়ী রোনালদোর বেতন কত হবে, সাংবাদিকদের এমন প্রশ্ন কৌশলে এড়িয়ে গেছেন রিয়াল সভাপতি। তবে ধারণা করা হচ্ছে, পর্তুগিজ ফরোয়ার্ডের বেতন বেড়ে দাঁড়াবে ১৭ মিলিয়ন ইউরো। তেমনটা হলে তিনিই হবেন সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়।— রয়টার্স