আরও প্রত্যাশা আনচেলত্তির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও বেশি চান কোচ। রায়ো ভায়েকানোর বিপক্ষে আজও কি আগুন ছড়াবে রোনালদো-বেল যুগলবন্দী  ফাইল ছবি
আরও বেশি চান কোচ। রায়ো ভায়েকানোর বিপক্ষে আজও কি আগুন ছড়াবে রোনালদো-বেল যুগলবন্দী ফাইল ছবি

প্রথমবারের মতো গ্যারেথ বেলের জ্বলে ওঠা। সেপ ব্ল্যাটারের সমালোচনার জবাব দেওয়া ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স আর অনেক দিন পর করিম বেনজেমার ফর্মে ফেরা। সান্তিয়াগো বার্নাব্যুতে গত বুধবার রিয়াল মাদ্রিদ ছিল অপ্রতিরোধ্য। অথচ দুর্দান্ত পারফরম্যান্সে সেভিয়াকে ৭-৩ গোলে উড়িয়ে দেওয়া রিয়াল কোচ কার্লো আনচেলত্তি নাকি এতেও সন্তুষ্ট নন! ছাত্রদের কাছ থেকে যে প্রত্যাশা তাঁর আরও বেশি!
সেই প্রত্যাশাটা কী রকম? তিন গোলে রিয়াল এগিয়ে যাওয়ার পর সেভিয়া পরপর দুটি গোল শোধ করে খেলায় ফেরার ইঙ্গিত দিয়েছিল। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি, কিন্তু এমন বড় লিড নেওয়ার পরও প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়ায় খুব একটা সন্তুষ্ট নন আনচেলত্তি, ‘এটা একরকম পাগুলে ম্যাচ ছিল। আমরা অনেকগুলো গোল করেছি। কিন্তু আমাদের কিছুটা ভারসাম্যের অভাব ছিল। তিন গোলে এগিয়ে যাওয়ার পরও ওরা সমস্যা তৈরি করেছে আমাদের জন্য।’
সেই সমস্যার জন্য অবশ্য আক্রমণভাগের তিন যোদ্ধাকে দায়ী করেননি না রিয়াল কোচ। বরং দলের বাকিদের কাছ থেকে আরও আগ্রাসী মনোভাব চান, ‘সামনের তিনজন খুবই ভালো খেলেছে। কিন্তু মাঝমাঠে আমাদের ভারসাম্যের অভাব ছিল, উইংয়ে সমস্যা ছিল। বাকি সাতজনের মধ্যে আমাদের ভারসাম্য খুঁজতে হবে যাতে ওরা প্রতিপক্ষকে চাপে রাখতে পারে।’
মাঝমাঠের এই সমস্যা নিয়ে অবশ্য এখন দুশ্চিন্তা একটু কমে যাবে আনচেলত্তির। চোট কাটিয়ে প্রায় পাঁচ মাস পর সেভিয়ার বিপক্ষে মাঠে ফিরেছেন জাবি আলোনসো। সেদিন যদিও মাত্র ২৬ মিনিট খেলেছেন বদলি হিসেবে, তবে আজ রায়ো ভায়েকানোর বিপক্ষে একাদশেই খেলতে পারেন। দীর্ঘদিন পর মাঠে ফেরা এই মিডফিল্ডারের কণ্ঠেও কোচের প্রত্যাশা পূরণ করার আশাবাদ, ‘এখন আর কোনো সমস্যা নেই। আমি আরও বেশি খেলতে চাই, দলের কাজে লাগতে চাই।’
এদিকে লা লিগায় নিজেদের দারুণ ফর্মটা ধরে রেখেছে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। ডিয়েগো কস্তা আর ডেভিড ভিয়ার পেনাল্টি গোলে পরশু গ্রানাডাকে ২-১ ব্যবধানে হারিয়েছে ডিয়েগো সিমিওনের দল। ১২ গোল নিয়ে এককভাবে লিগের সর্বোচ্চ গোলদাতা কস্তা। এএফপি।