আরও ফরোয়ার্ড চাই রিয়ালের
দল মোটামুটি গোছানো হয়ে গেছে। ক্রিস্টিয়ানো রোনালদো আছেন। কিন্তু একটা অভাব এখনো অনুভূত হচ্ছে রিয়াল মাদ্রিদের। রোনালদোর পাশাপাশি দলে চাই আরও একজন ফরোয়ার্ড। রিয়ালের কোচ হোসে মরিনহো নিজেই এ কথা জানিয়েছেন।স্পেনের স্থানীয় গণমাধ্যমের খবর, আর্জেন্টিনার সার্জিও অ্যাগুয়েরো ও ব্রাজিলের নেইমারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছে রিয়াল। কিন্তু এই দুই ফুটবলার দেশের হয়ে কোপা আমেরিকা লড়াইয়ে ব্যস্ত থাকায় যোগাযোগটা ফলপ্রসূ হচ্ছে না।রিয়ালের দায়িত্ব নিয়েই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আধিপত্য খর্ব করার ঘোষণা দিয়েছিলেন মরিনহো। কিন্তু গত মৌসুমে নিজের প্রথম অভিযানে এই পর্তুগিজের স্বপ্ন বাস্তবায়িত হয়নি। আর এই ব্যর্থতা থেকেই দলকে আরও শক্তিশালী করার কাজে হাত দিয়েছেন মরিনহো।‘দলকে আরও শক্তিশালী করতে বেশ কিছু খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করেছি আমরা। এরই মধ্যে দলটি অনেক বেশি শক্তিশালী হয়েছে। কিন্তু আমার মতামত, এখনো সব কাজ শেষ হয়নি। আক্রমণভাগে আরও একজনকে চাই আমাদের’—রিয়ালের ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন মরিনহো। ওয়েবসাইট।