আরও বিধ্বংসী হয়ে উঠতে চায় বায়ার্ন

দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েই এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে জায়গা করে নিয়েছে বায়ার্ন মিউনিখ। সেমিফাইনালে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের বিধ্বংসী চেহারাটাও স্পষ্ট করেছে বাভারিয়ানরা। এবার শিরোপা জয়টা যেন কোনোভাবেই হাতছাড়া না হয়, সে জন্য আরও বিধ্বংসী হয়ে উঠতে সতীর্থদের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান মিডফিল্ডার থমাস মুলার।
গত তিন বছর চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা শুধু হতাশার স্মারক হয়ে ছিল বায়ার্ন মিউনিখের জন্য। ২০১০ সালের ফাইনালে ইতালীয় ক্লাব ইন্টার মিলানের কাছে ২-০ গোলে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল জার্মানির শীর্ষ ক্লাবটি। এক বছর পর গত মৌসুমেও ফাইনালে উঠেছিল বায়ার্ন; কিন্তু এবার তাদের শিরোপা জয়ের স্বপ্নটা বাস্তবে রূপ নিতে দেয়নি ইংলিশ ক্লাব চেলসি। নির্ধারিত সময়ে ১-১ গোলের সমতা থাকার পর পেনাল্টি শ্যুটআউটে হেরে হতাশ হতে হয়েছিল ইয়ুপ হেইঙ্কেসের শিষ্যদের। বায়ার্নের এই দুই ব্যর্থতারই সঙ্গী ছিলেন থমাস মুলার। তাই এবার তৃতীয়বারও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে চান না ২৩ বছর বয়সী এই জার্মান মিডফিল্ডার। গতকাল এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘গত বছর চেলসির বিপক্ষে আমরা বেশ কিছু মোক্ষম সুযোগ কাজে লাগাতে পারিনি। আমরা যেভাবে খেলেছি, সেটাতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এবার সাফল্যের দেখা পেতে গেলে আমাদের আরও বিধ্বংসী হয়ে উঠতে হবে। এবার অনেকগুলো ম্যাচে আমাদের কোনো গোল হজম করতে হয়নি। এটা নিয়ে আমার খুবই ভালো অনুভূতি আছে। এখন আমাদের আর কোনো দুর্বলতা আছে কি না, তার উত্তর হয়তো ডর্টমুন্ডই ভালো দিতে পারবে।’
আজ লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে স্বদেশী ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ। রয়টার্স।