আরও বিধ্বংসী হয়ে ফিরবেন মেসি!
চোটের কারণে গত বছরের শেষটা খুব ভালো কাটেনি। তবে খারাপ সময়টা হয়তো পেছনেই ফেলে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনায় পুনর্বাসন-প্রক্রিয়ায় সুস্থ হয়ে উঠেছেন। খুব শিগগির আবার মাঠে দেখা যাবে সময়ের অন্যতম সেরা এই ফুটবলারকে। আর এই মেসি যে আগের চেয়ে আরও ভয়ংকর রূপে ফিরবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই তাঁর সতীর্থ সেস্ক ফ্যাব্রিগাসের। মাস দুয়েক পর বার্সেলোনায় বন্ধুকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত আরেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তাও।
খারাপ সময়টা পেছনে ফেলে আবারও দুর্দান্ত পারফরম্যান্সে সবাইকে আচ্ছন্ন করে ফেলার ইঙ্গিতও দিয়েছেন মেসি। সম্প্রতি আর্জেন্টিনায় অনুশীলনের সময় গোলপোস্টের পেছনে দাঁড়িয়ে করেছেন হতবাক করে দেওয়ার মতো এক গোল। বিস্ময়কর সেই গোল ঝড় তুলেছে ইউটিউবে। পরশু আর্জেন্টিনা থেকে উড়ে গেছেন বার্সেলোনায়। কাল ন্যু ক্যাম্পে অনুশীলনের পর তাঁর ফেরার খবর নিশ্চিত করলেও রোববার এলচের বিপক্ষে লিগ ম্যাচ দিয়েই মেসি মাঠে ফিরবেন কি না, সেটি নিশ্চিত করে বলেননি ইনিয়েস্তা, ‘মেসি ফিরেছে। আমাদের জন্য এটা দারুণ খবর। আশা করছি, সেও খুব আত্মবিশ্বাসী। দেখা যাক, সবকিছু স্বাভাবিক থাকে কি না, না হলে আরেকটু সময় দেওয়া হবে তাকে।’ এলচের বিপক্ষে ন্যু ক্যাম্পে যদি না-ও খেলেন, বুধবার কোপা দেল রেতে গেটাফের বিপক্ষে ম্যাচে হয়তো দেখা যাবে তাঁকে। তবে প্রত্যাবর্তনটা যখনই হোক, মেসি আগের চেয়ে আরও বিধ্বংসী রূপে ফিরবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই ফ্যাব্রিগাসের, ‘ওর চার-পাঁচটা চোট একের পর এসেছে। তাকে কিছুদিনের বিশ্রাম নিতেই হতো। তবে সে ক্ষিপ্ত ষাঁড়ের মতোই ফিরবে।’
মেসির অনুপস্থিতিতে আক্রমণভাগের দায়িত্ব বর্তেছিল নেইমারের কাঁধে। নেইমার তা দারুণভাবেই পালন করেছেন বলে মনে করেন ফ্যাব্রিগাস, ‘ধীরে ধীরে দলে ওর গুরুত্ব আরও বাড়বে। ওর বয়স মাত্র ২১ এবং দিন দিন সে আরও উন্নতি করবে। এই আত্মবিশ্বাস তাকে আরও ভালো খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।’ ওয়েবসাইট।