ইংল্যান্ডের দারুণ কিছু ক্রিকেটার আছে। ব্যাটিংয়ে আছে গভীরতা। তার পরও দলটির প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি, ভারত স্কোর বোর্ডে ৩৩৮ রান তোলার পর ইংল্যান্ডের পক্ষে খুব বেশি লোক বাজি ধরেছিল বলে মনে হয় না। অথচ সেই ম্যাচটিই কিনা টাই! কী খেলা! আমি তো মনে করি, টুর্নামেন্ট যত গড়াবে, এ রকম অপ্রত্যাশিত ঘটনাও বাড়বে।গত দুই দিনে যা ঘটেছে, তাতে বিস্মিত না হয়ে উপায় নেই। এই টুর্নামেন্ট এ রকম আরও বিস্ময় উপহার দেবে বলেই মনে হচ্ছে। কম করে হলেও, এ রকম অপ্রত্যাশিত ঘটনার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।বিশ্বকাপ শুরুর আগে উপমহাদেশের উইকেট নিয়ে অনেক কথাই হয়েছে। খেলাটি নিয়ে প্রচলিত পুরোনো একটি কথা না বললেই নয়—ভালো ক্রিকেটারদের জন্য কন্ডিশন কোনো মাথাব্যথা নয়। নিজেদের বিশেষ দক্ষতার বলে তারা যেকোনো কন্ডিশনেই সফল হওয়ার ক্ষমতা রাখে।বাউন্সবিহীন মন্থর উইকেট ফাস্ট বোলারদের জন্য কিছু রাখে না—এটা যেমন ঠিক, তেমনি একজন ভালো ফাস্ট বোলারের ক্ষেত্রে সদাসিদ্ধ এ কথাটি-ই আবার যায় না। ডেল স্টেইন এরই মধ্যে এর প্রমাণও রেখেছে। নিজেদের প্রথম দুটি ম্যাচে গতি দিয়ে ব্যাটসম্যানদের কাবু করে এই প্রমাণটাই রেখেছে অস্ট্রেলিয়ার তিন পেসারও।একইভাবে কথাটি স্পিনারদের ক্ষেত্রেও সমান প্রযোজ্য। বল ঠিকভাবে টার্ন না করলেও ভালো স্পিনাররা তাদের বৈচিত্র্য দিয়ে ব্যাটসম্যানদের ঘায়েল করতে পারে। আবার দেখা গেল, পর্যাপ্ত টার্ন পাচ্ছে, কিন্তু উইকেট পাচ্ছে না, এমনটিও ঘটতে পারে।উইকেট নিয়ে আলাদা করে ভারতের কথা বলতেই হয়। এখানে দুই ইনিংসে ১০০ ওভারেও বোলারদের জন্য কিছু করার থাকে না। টুর্নামেন্টের শেষ দিকে উইকেট আরও খটখটে হয়ে উঠবে, পরিস্থিতি তখন হবে আরও ভয়াবহ।থাক খেলার কথা, তাজমহল দেখতে গিয়েছিলাম। বিষয়টি প্রত্যাশিতভাবেই প্রেরণাদায়ী। নতুন নির্মিত রাস্তায় আগের চেয়ে অনেক কম সময়ে তাজমহলে পৌঁছে গিয়েছিলাম। আগের মতো আর ঝক্কি-ঝামেলা নেই।আসলে পাঁচ-ছয় সপ্তাহের সফরে শরীর ও মন—দুটিকেই সজীব রাখাটা গুরুত্বপূর্ণ। ভারতে বিনোদনের পর্যাপ্ত সুযোগ রয়েছে। আমি বলব, এখানে যাদের খুব বেশি আসা হয়নি, তাদের জন্য এখানকার অভিজ্ঞতাটা হবে দারুণ।গত দুই দিনে আমাদের দলে একাধিক ইনজুরি-আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ভাগ্যিস, সেগুলো গুরুতর কিছু নয়।