আরও বেশি টেস্ট চান হাফিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও বেশি টেস্ট ম্যাচ খেলার ব্যবস্থা করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ হাফিজ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।করাচিতে আজ সোমবার সাংবাদিকদের হাফিজ বলেন, ‘বোর্ডের উচিত আমাদের জন্য আরও বেশি টেস্ট ম্যাচের ব্যবস্থা করা। কারণ, আমি বিশ্বাস করি, কেবল টেস্ট ম্যাচ খেলার মাধ্যমেই খেলোয়াড়েরা নিজেদের উন্নতি করতে পারে।’হাফিজ বলেন, ‘এটা দুঃখজনক যে আমরা কম টেস্ট খেলছি। গত বছরের জানুয়ারিতে আমরা তিনটি টেস্ট খেলি। এরপর জুন-জুলাইয়ে খেলি আরও তিনটি টেস্ট। এখন আমরা দক্ষিণ আফ্রিকায় যাচ্ছি। এ সফরে আমরা প্রায় ছয় মাস বিরতির পর টেস্ট খেলব। এটা আমাদের জন্য কঠিন।’চাইলেও অবশ্য পিসিবির পক্ষে খুব বেশি টেস্ট ম্যাচের ব্যবস্থা করা সম্ভব নয়। এর প্রধান কারণ, পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলকে বহনকারী বাসে গুলি চালায় জঙ্গিরা। অল্পের জন্য প্রাণে রক্ষা পান ক্রিকেটাররা। ভয়, আতঙ্কে দেশে তড়িঘড়ি করে ফিরে যায় শ্রীলঙ্কা। এর পর থেকেই নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে পাকিস্তান সফর থেকে বিরত আছে ক্রিকেট খেলুড়ে দেশগুলো। গত বছরের জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজে ইংল্যান্ডকে ‘ধবলধোলাই’ করে পাকিস্তান। তবে জুন মাসে শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজে হেরে যায় মিসবাহ-উল-হকের দল। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তানের তিনটি টেস্ট ম্যাচে অংশ নেওয়ার কথা রয়েছে।