আরও বড় আশা পাকিস্তানের
ভারতের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক জোড়া লাগানোর সাফল্যে উচ্ছ্বসিত পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি জাকা আশরাফ আরেকটু উচ্চাভিলাষী। ভারতের সঙ্গে যৌথভাবে টি-টোয়েন্টি লিগ আয়োজনের স্বপ্ন দেখতে শুরু করেছেন তিনি! এ ছাড়া পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার জন্য ভারতীয় ক্রিকেটারদের শিগগিরই আমন্ত্রণ জানাবেন বলেও জানিয়েছেন আশরাফ। আগামী মাসের শেষ দিকে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারতে যাচ্ছে পাকিস্তান।তবে পাকিস্তান ক্রিকেট দলের এই ভারত সফরের বিরোধিতা করছে কট্টর হিন্দুত্ববাদী দলগুলো। সফর বাতিলের আহ্বান জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদ বলেছে পাকিস্তান যত দিন মুম্বাই হামলায় জড়িতদের বিচার না করবে, তত দিন ভারতের উচিত হবে না পাকিস্তানকে আতিথেয়তা দেওয়া। তা ছাড়া সফরের সময় প্রতিবাদ কর্মসূচি পালন করার হুমকিও দিয়েছে সংগঠনটি। মুম্বাইভিত্তিক দল শিবসেনার কাছে পাকিস্তানকে আমন্ত্রণ জানানোটা ‘জাতীয় লজ্জা’!তবে বেশির ভাগ মানুষই ক্রিকেটকেই দেখছে দুই দেশের মধ্যে সেতুবন্ধ। জাকা আশরাফকে স্বপ্ন দেখাচ্ছে এটাই। পরশু ভারতের দৈনিক মেইল টুডেকে দেওয়া সাক্ষাৎকারে নিজের উচ্চাভিলাষী স্বপ্নের কথা জানিয়েছেন আশরাফ, ‘আমার দৃষ্টিভঙ্গি ভবিষ্যৎমুখী আর আমি চাই ভারত-পাকিস্তানেরযৌথ আয়োজনে টি-টোয়েন্টি লিগ। দুটি দেশের লিগ এক হলে এটা হবে বিশ্বের সবচেয়ে বড় লিগ। কল্পনা করতে পারেন লিগটা কী মাপের হবে।’তবে এখনো এই পরিকল্পনা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডসহ কারও সঙ্গেই আলোচনা করেননি বলে জানিয়েছেন পিসিবি প্রধান। এএফপি, ওয়েবসাইট।