আরও বড় ভূমিকায় জিজু
বার্নাব্যুতে হোসে মরিনহোর জায়গায় কে আসছেন, সেটি এখনো অনুমান-নির্ভর। তবে একদিন না একদিন যে জিনেদিন জিদান রিয়াল মাদ্রিদের কোচ হবেন, এটা মোটামুটি পরিষ্কার। ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নিজেই সে রকম আভাস দিয়েছেন।রিয়ালের বর্তমান ক্রীড়া পরিচালক জিদান। বিশ্বখ্যাত দলটির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করার পাশাপাশি জিজু যুবদলকে কোচিংও করিয়েছেন। কিন্তু এখনই রিয়ালের কোচ হিসেবে তাঁকে দেখাটা একটু কষ্টকল্পনাই। সেটি তিনিও এখনই চান না। রেডিও স্টেশন কাদেনা সারকে পেরেজ জানিয়েছেন, নতুন কোচ যিনিই হোন না কেন, তাঁকে কাজ করতে হবে জিদানের সঙ্গেই, ‘যখনই নতুন কোচ আসবেন, তিনি ও জিদান মিলে ঠিক করবেন দলের মান বাড়ানোর জন্য কী করা উচিত। নতুন কাউকে দলে টানার জন্যও জিদান কাজ করবেন কোচের সঙ্গে।’ কোচ কে হতে পারেন, সে প্রসঙ্গে কিছু বলেননি, তবে একসময় ডাগআউটে জিদানকে দেখার ইচ্ছাটা গোপন রাখেননি রিয়ালের বিদায়ী সভাপতি, ‘আমরা জানি না, কোচ কে হতে যাচ্ছেন। কিন্তু আমরা চাই, সবকিছু জিদানের নেতৃত্বেই হোক। আমি আশা করি, একদিন সে-ই (জিদান) হবে মাদ্রিদের কোচ।’ এএফপি, রয়টার্স।