আরও বড় হতে চায় পিএসজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমই এখনো শেষ হয়নি। গ্রীষ্মের দলবদলের বাজারও খুলতে ঢের দেরি। কিন্তু এখন থেকেই খবরের শিরোনামে উঠে আসছে। ক্রিস্টিয়ানো রোনালদো, ওয়েইন রুনি, ফ্রাঙ্ক রিবেরি, সামির নাসরিদের মতো তিরগুলো যখন নিজেদের তূণে যোগ করতে চায় কোনো ক্লাব, সেটা তো বড় খবরই। আর এভাবে সব তারকাকে টেনে এনে নাকি আরেক ‘নক্ষত্রপুঞ্জ’ গড়ে তুলতে চায় প্যারিস সেন্ট-জার্মেই। গত বছর কাতারি মালিকানায় যাওয়ার পর প্যারিসের ক্লাবটিতে পেট্রোডলারের ঝনঝনানি। নগদ সাফল্যও পেয়েছে পিএসজি। ১৯ বছর পর লিগ শিরোপা জেতার পথে তারা। এবারের চ্যাম্পিয়নস লিগেও তারা ছিল উজ্জ্বল, বার্সেলোনার কাছে হেরেছে অ্যাওয়ে গোলের খাঁড়ায় পড়ে।কিন্তু তাই বলে রুনি-রোনালদো-রিবেরি! পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি তো দেখা যাচ্ছে উচ্চাভিলাষে আরেক আরব ধনকুবের সিটি মালিক মনসুর বিন জায়েদকেও টেক্কা দিতে চাইছেন! গত মৌসুম থেকেই পিএসজিকে জড়িয়ে বড় বড় তারকার নাম উঠে এলেও কোচ কার্লো আনচেলত্তি কিন্তু সাদা হাতি পুষতে চাননি। তিনি এমন সব তারকাকে কিনেছেন যাঁরা তারকার খ্যাতিতে হয়তো অতটা ওজনদার নন, কিন্তু কার্যকারিতায় বেশ ভারী। তিনি এনেছেন হাভিয়ের পাস্তোরে, এজেকুয়েল লাভেজ্জি, থিয়াগো সিলভা, থিয়াগো মোত্তা, জ্লাতান ইব্রাহিমোভিচদের।তাঁদের মধ্যে কেবল ইব্রাই বড় তারকার মর্যাদা পান। সর্বশেষ যুক্ত হয়েছেন ডেভিড বেকহাম। বেকহামকে নিয়ে আসার পেছনে প্রথম দিকে মনে হয়েছিল শুধু তাঁর তারকাখ্যাতিকেই ব্যবহার করতে চাইছে পিএসজি। কিন্তু বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম একাদশে বেকহামকে জায়গা করে দিয়ে আনচেলত্তি সেই ধারণাকে ভুল প্রমাণ করেছেন, মাঠে দুর্দান্ত খেলে ভুল প্রমাণ করেছেন বেকহাম।তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে পা দিতে দিতেও ফিরে যাওয়া পিএসজি নাকি আগামী মৌসুমে আরও বড় স্বপ্নই দেখছে। এ কারণেই দলের ওজনটা বাড়ানো দরকার। এ কারণেই বড় তারকাদের জড়িয়ে আবার আসতে শুরু করেছে খবর। সব খবরই প্রধানত গুঞ্জন। ‘জনৈক’ আর ‘নাম প্রকাশে অনিচ্ছুক’ সূত্রের বরাতে পেশ করা। তাতে এক চিমটি সত্য, এক চিমটি কল্পনা আর এক চিমটি সম্ভাবনা মিশিয়ে পরিবেশন করা হচ্ছে খবর। ক্লাব এখন পর্যন্ত কোনো তারকার ব্যাপারেই আনুষ্ঠানিক কিছু স্বীকার করেনি। রুনির ব্যাপারে আনচেলত্তি যেমন স্পষ্ট করেই বলেছেন, ‘রুনি বিশ্বের সেরা স্ট্রাইকারদের একজন। তাকে কেনা অসম্ভব বলেই মনে করি। তা ছাড়া ও তো ম্যানচেস্টার ইউনাইটেডের একজন আইডল।’ ওদিকে ক্লাবের পরিচালক লিওনার্দোও উড়িয়ে দিয়েছেন রোনালদো-সংক্রান্ত গুঞ্জন, ‘রোনালদোর ব্যাপারে কোনো প্রস্তাব নেই। রুনি বা কাভানির ব্যাপারেও আমি কিছু শুনিনি। বড় তারকাদের সই করানোর সম্ভাবনাটাকে উড়িয়ে দিতে চাই না। তবে আমরা তখনই এ ব্যাপারে এগোব যদি দেখি সে ক্ষেত্রে ভালো সম্ভাবনা আছে। নানা রকম চোট ও নিষেধাজ্ঞার কারণে জানুয়ারিতে মাঝমাঠে খেলোয়াড়-সংকটে আমরা পড়েছিলাম। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আমরা একটা শক্তপোক্ত স্কোয়াড অবশ্যই চাই।’অর্থাৎ আগামী দলবদলের বাজারে সরব উপস্থিতি থাকবে পিএসজির। গতবার মূলত ইতালিতেই ছিল চোখ। লিওনার্দো-আনচেলত্তি দুজনই ইতালিতে দীর্ঘদিন কাজ করেছেন বলেই হয়তো এমনটা হয়েছে। তবে লিওনার্দো বলছেন, ‘বাজার আরও বড় হচ্ছে। আমরা এবার স্পেন বা ইংল্যান্ডেও চোখ রাখব।’ফরাসি ক্লাব। ফলে ক্লাবের বাণিজ্যিক স্বার্থেই বড় বড় ফরাসি তারকাকে রাখা দরকার। এ কারণেই করিম বেনজেমা, রিবেরি বা নাসরিদের নাম উঠছে। বেনজেমার ব্যাপারে না থাকলেও শেষের দুজনের ব্যাপারে আগ্রহের কথা লুকাননি আনচেলত্তি। তবে এখনো এদের কারও সঙ্গেই যোগাযোগ করা হয়নি, সব খবরই গুঞ্জনের মধ্যে আছে বলে জানিয়েছেন তিনি। তবে দলবদলের বাজারটাই এমন, গুঞ্জনও যেকোনো সময় হয়ে যেতে পারে সত্যি! ওয়েবসাইট।