আরও ভালো করতে চান সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকিব আল হাসান
সাকিব আল হাসান

দীর্ঘ ছয় মাস পর আবার ফিরে পেয়েছেন টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা। ঈদের ছুটি কাটিয়ে নিশ্চয়ই আরও আত্মবিশ্বাসী হয়েই মাঠে ফিরতে পারবেন সাকিব আল হাসান। র‌্যাঙ্কিং নিয়ে খুব বেশি উচ্ছ্বসিত না হলেও শীর্ষস্থানটা যে সত্যিই অনুপ্রেরণা জোগাবে সেটা অস্বীকার করেননি বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। সেই অনুপ্রেরণাকে সঙ্গী করে এখন আরও ভালো করার দিকেই নজর সাকিবের।

বাংলাদেশ খুব বেশি টেস্ট খেলার সুযোগ পায় না বলে টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা ধরে রাখার সুযোগ পাননি সাকিব। তবে দীর্ঘদিন পর মাঠে নেমেই আবার জ্যাক ক্যালিসকে সরিয়ে বনে গেছেন এক নম্বর। যদিও নিজেকে এখনই ক্যালিস বা ওয়াটসনদের সঙ্গে তুলনা করতে রাজি নন সাকিব। তিনি বলেছেন, ‘ক্যালিস, হাফিজ, ওয়াটসনসদের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। যার যার জায়গায় সে সেরা। সবাই দলের জন্য সেরা পারফর্ম করার চেষ্টা করে। তুলনার কিছু আসলে এখানে নেই। আর র‌্যাঙ্কিং আইসিসির একটা নিয়ম, একটা পয়েন্ট সিস্টেম আছে। আমার মনে হয় না, ক্রিকেটাররা এসব নিয়ে খুব বেশি ভাবে। তবে নিজেকে শীর্ষে দেখলে ভালো সবারই লাগে।’ যদিও এই লড়াইটা যে সত্যিই অনুপ্রেরণাদায়ক সেটা স্বীকার করে নিয়েছেন সাকিব। বলেছেন, ‘লড়াইটা যখন বড় বড় ক্রিকেটারের সঙ্গে, ওদের থকে ভালো করতে হবে এসব ব্যাপার তো অনুপ্রেরণা জোগায় অবশ্যই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভালো করার ইঙ্গিতটাও দিয়েছেন সাকিব। প্রথম ইনিংসে ১৯ রান করার পর দ্বিতীয় ইনিংসে করেছেন ঝোড়ো ফিফটি। বল হাতেও নিয়েছেন দুই উইকেট। এবার দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ জয়ের দিকেই নজর সাকিবের, ‘সিরিজ জয়ের আশা তো আছেই। এখন যেহেতু একটা সুযোগ আছে, কেন আমরা চেষ্টা করব না।’ আর এই দ্বিতীয় টেস্টটা মিরপুরে অনুষ্ঠিত হচ্ছে বলে সাকিবের আশাটা আরও বেশি। বলেছেন, ‘মিরপুরে আমি অনেক ভালো পারফর্ম করেছি। এজন্যই এই মাঠকে লাকি বলি। তার মানে আবার এই না যে এই টেস্টে অনেক কিছু করে ফেলব। শূন্য করতে পারি, এক উইকেট না-ও পেতে পারি। কিন্তু চেষ্টা করব দলে অবদান রাখার। ’
সামগ্রিকভাবেও বাংলাদেশের পারফরম্যান্সের অনেক উন্নতি হয়েছে বলে মনে করছেন সাকিব। তিনি বলেছেন, ‘আমার যখন শুরু হয়েছিল, আমাদের লক্ষ্য থাকত পাঁচ দিন খেলা। এরপর ড্র করা। এখন মাঠে নামি জয়ের জন্য। আস্তে আস্তে এভাবেই এগিয়ে যাব। সবকিছুর জন্য আসলে সময় লাগে। আর এই দলটায় আমরা যেহেতু অনেক দিন ধরে খেলছি, এজন্য আত্মবিশ্বাস বেশি আমাদের।’