আরও ভালো কিছুর অপেক্ষায়
গ্যালারিতে হাবিবুল বাশারকে দেখে আবেগ ধরে রাখতে পারলেন না এক তরুণ দর্শক। হাত ধরে বললেন, ‘ভাই, সৌরভ গাঙ্গুলী ভারতকে যে জায়গায় নিয়ে গেছে, আপনিও বাংলাদেশকে সে জায়গায় নিয়ে গেছেন...।’বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়কের সঙ্গে এই দেখাটা যদি হতো কোনো শপিংমল বা রেস্তোরাঁয়, এতটা আবেগাপ্লুত নিশ্চয়ই হতেন না ওই তরুণ। তাঁর আবেগে ভেসে যাওয়ার একটা বড় কারণ, তখনো তিনি বিজয়ে মোহাবিষ্ট। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটু আগেই শেষ হওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড ৩য় ওয়ানডেতে যে বাংলাদেশ দেখিয়েছে, বড় দলের বিপক্ষে জয় এখন অভ্যাসে পরিণত হচ্ছে তাদের!কিছুক্ষণ পর ড্রেসিংরুমের করিডরে পাওয়া গেল মুশফিকুর রহিমকে। ব্যাগ কাঁধে ব্যস্ত হয়ে ছুটছেন টিম বাসে উঠতে। পথে প্রশ্ন, ‘খুব উদ্যাপন করলেন আজকের জয়...?’ মুশফিকুরের মুখে হাসি, তবে সেটি ছাপিয়ে তাঁর কথাগুলোই বড় হয়ে উঠল তখন, ‘ড্রেসিংরুমে তো উৎসব একটু হয়েছেই। তবে এ রকম এক-দুইটা জয় আমরা আগেও পেয়েছি, শেষে সেটা ধরে রাখতে পারিনি। এবার চাই সিরিজ জিতেই আসল উৎসব করতে। এখানেই তো সব শেষ নয়।’ বোঝা গেল জয় নিয়ে সাধারণ ক্রিকেটপ্রেমীদের মতো অতটা আবেগি নন মুশফিকুররা।নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ২-০-তে এগিয়ে যাওয়ার পরও মুশফিকুরের কথাটাই ছড়িয়ে আছে বাংলাদেশ দলের চেতনায়। জয়ের আনন্দ আছে, কিন্তু সে আনন্দে ভেসে যাওয়ার স্রোত নেই। নিয়ন্ত্রিত আবেগে পুরো দল তাকিয়ে শেষ দুটি ম্যাচের দিকে। সিরিজটাকে ৩-০ করতে হবে, সেখান থেকে ৪-০...নাহ্, এখন আর এমন স্বপ্নকে অলীক মনে হয় না।ম্যাচ শেষে জেমি সিডন্সকে খুঁজেই পাওয়া গেল না। সবার আগে তিনিই হাওয়া স্টেডিয়াম থেকে! তবে দলীয় সূত্রের খবর, যাওয়ার আগে ড্রেসিংরুমে ‘মিশ্র প্রতিক্রিয়া’ জানিয়ে গেছেন কোচ। কালকের ভালোর সঙ্গে বলেছেন ভবিষ্যতে আরও ভালো করার কথা। পর পর দুই ম্যাচে নিউজিল্যান্ডকে হারানোর সাফল্য তাঁর কাছে আনন্দের চেয়েও বেশি প্রেরণাদায়ী। এই প্রেরণায় উজ্জীবিত হয়ে শেষটাও ভালো দিয়ে করার আহ্বান রেখে গেছেন দলের কাছে। শাহরিয়ার নাফীসের পিঠ চাপড়ে দিয়েও নাকি বলেছেন একই কথা। ‘আমার ব্যাটিংয়ের প্রশংসাই করেছেন কোচ। সঙ্গে বলেছেন, ইনিংসটা সেঞ্চুরিতে নেওয়া উচিত ছিল। ভালোর শেষ নেই—সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি’—বলেছেন প্রায় আড়াই বছর পর ওয়ানডে দলে ফেরা শাহরিয়ার।মাশরাফি-নাজমুলের ইনজুরির সুবাদে দলে আসা শফিউল ইসলামও কাল আরেক দুর্ভাগ্যের শিকার হতে যাচ্ছিলেন। পায়ের পেশিতে টান পড়ে নিউজিল্যান্ড ইনিংসের শেষ দিকে চলে গিয়েছিলেন মাঠের বাইরে। ফিরে এসে আর বল করার সুযোগ না পেলেও দিন শেষে খুশি এই পেসারও, ‘খুব ভালো লাগছে। আসলে জয়ের স্বাদই অন্য রকম। এখন বাকি দুইটা ম্যাচেও ভালো খেলতে হবে।’দুই ম্যাচ জেতার আত্মবিশ্বাস একই আশার পাল উড়িয়ে দিয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের মনেও। লক্ষ্য পেছনের ভুল শুধরে প্রতি ম্যাচেই উন্নতি। মাঠ ছাড়ার পথে অভিনন্দনের সঙ্গে এই লক্ষ্যটা মজবুত করার পরামর্শ ক্রিকেটাররা পেলেন দুই সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আর খালেদ মাসুদের কাছ থেকেও। পুরোনো সুরে বাজতে থাকা দলের আবহসংগীতে যেন কণ্ঠ মেলাচ্ছেন হাবিবুল-মাসুদ—আমরা করব জয়...আমরা করব জয় একদিন....।