আরও ভালো কিছুর প্রতিজ্ঞা
মিষ্টির প্যাকেটগুলো পেয়ে সবার রুমে রুমে পাঠিয়ে দিলেন টিম ম্যানেজার তানজীব আহসান। অনেকে সঙ্গে সঙ্গেই করলেন মিষ্টিমুখ। কেউ প্যাকেটটা রেখে দিলেন ফ্রিজে। পরশু রাতে মাঠ থেকে হোটেলে পৌঁছানোর কিছুক্ষণ পরই এই মিষ্টি পেলেন ক্রিকেটাররা। আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের আনন্দে ক্রিকেটারদের জন্য মিষ্টি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে ড্রেসিংরুমেই বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামালের মোবাইল থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে সাকিব আল হাসানের। অধিনায়কের মাধ্যমে প্রধানমন্ত্রীর অভিনন্দন পেয়েছে পুরো বাংলাদেশ দল। তবে সাকিবকে অভিনন্দন জানাতে গিয়ে আবেগে জড়িয়ে আসছিল বোর্ড সভাপতির কণ্ঠ। অধিনায়ককে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছেন, দলকে জানিয়েছেন শুভকামনা।আয়ারল্যান্ডকে হারিয়ে এবারের বিশ্বকাপের প্রথম জয়, প্রধানমন্ত্রীর অভিনন্দন, মাঠ ছাড়ার সময় রাজপথের আনন্দস্রোতে মিশে যাওয়া—সব মিলিয়ে পরশু স্বপ্নের মতো রাত গেল সাকিবের দলের জন্য! বাইরে থেকে সেটাই মনে হয়, তবে বাস্তবতা মোটেও তা নয়। আয়ারল্যান্ডকে হারিয়ে হাওয়ায় ভাসছে না বাংলাদেশ দল। তাদের কাছে এটা আর একটা স্বাভাবিক জয়ের মতোই। রাতটা কীভাবে কাটালেন—প্রশ্নে সাকিব তাই অকপটে বলে দিলেন, ‘ঘুমিয়ে...।’দেশের মাঠে খেলা বলে এবার একটা সুবিধা হয়েছে ক্রিকেটারদের। ছুটির দিন পেলেই যে যাঁর বাসায় চলে যাচ্ছেন। ঘুমোচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন। সারা দিন বাসায় কাটিয়ে রাতটা থাকছেন হোটেলে। তবে যেখানেই থাকুন, ক্রিকেটটা সঙ্গে থাকছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনো চারটা ম্যাচ বাকি। এই ম্যাচগুলোয় আরও ভালো খেলার প্রতিজ্ঞা সবার।ভারতের বিপক্ষে ভালো খেলা থেকে পাওয়া আত্মবিশ্বাস আর আইরিশদের বিপক্ষে পাওয়া জয়টাই বাকি ম্যাচগুলোয় প্রেরণা হয়ে কাজ করবে বাংলাদেশের জন্য। সহ-অধিনায়ক তামিম ইকবাল যেমন বললেন, ‘আয়ারল্যান্ডের বিপক্ষে ২০৫ রান করার পরও আমাদের বিশ্বাস ছিল ম্যাচটা জিতব। এ রকম বিশ্বাস নিয়ে খেললে যে কারও বিপক্ষে জেতা সম্ভব।’ কথা মিথ্যা বলেননি তামিম। পারফরম্যান্সের সঙ্গে বাংলাদেশের সব বড় বড় জয়ে আত্মবিশ্বাসটাও যে কাজ করেছে টনিকের মতো!সমস্যা হলো, তামিম আরও বড় কিছুর স্বপ্ন দেখছেন হাতে আইসব্যাগ নিয়ে। পরশু নিয়াল ও’ব্রায়েনের দুর্দান্ত ক্যাচটা নিয়ে ব্যথা পেয়েছেন বাঁ হাতে। হ্যাঁ, সেই বাঁ হাত, যেখানে মাস কয়েক আগেই করিয়েছেন অস্ত্রোপচার। তবে আশার কথা, নতুন ব্যথাটা একই হাতে হলেও একই জায়গায় নয়, ‘আগেরটা তো হাড়ে ছিল, এবারেরটা কনিষ্ঠার নরম টিস্যুতে। ব্যথা একটু আছে। তবে মনে হয় না এটা খেলায় কোনো সমস্যা করবে।’ হাতের আসল অবস্থাটা বোঝা যাবে কাল অনুশীলন করতে গেলে। তবে তামিমই জানিয়েছেন, গতকাল আর আজ অনুশীলন হলেও তিনি হয়তো করতেন না, ‘আজ (গতকাল) সকালে এক্স-রে করিয়েছি। প্র্যাকটিস হলেও বোধ হয় আমি এই দুই দিন করতে পারতাম না।’হয়তো তামিমের কথাটাই ঠিক হবে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে বাধা হয়ে দাঁড়াবে না হাতের চোট। তবে ক্রিস গেইলদের সামনে দাঁড়ানোর আগে গত ম্যাচের ব্যাটিংটা অবশ্যই দুশ্চিন্তার কারণ বাংলাদেশ দলের জন্য। তামিম সেটা মেনেছেন, মানছেন আরেক ওপেনার ইমরুল কায়েসও, ‘আমাদের রান আরেকটু বেশি হওয়া উচিত ছিল। ২৪০-২৫০ রান হলে ভালো হতো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও ভালো ব্যাটিং করতে হবে সবাইকে।’ তবে আয়ারল্যান্ডের বিপক্ষে যে ২০৫ রানও জেতার মতো ছিল, সেটা মানছেন তিনিও, ‘ফিল্ডিং করতে নামার সময়ই জানতাম ম্যাচটা আমরা জিতছি। আমাদের দলে ভালো স্পিনার আছে। আর এই কন্ডিশনে ওরা (আয়ারল্যান্ড) স্পিন খেলতে পারে না।’ছুটির দিনে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও আরও ভালো করার মন্ত্র গেঁথে আছে সবার মধ্যেই। নিজেদের ছাড়িয়ে যাওয়ার প্রতিজ্ঞার সঙ্গে উড়ছে দেশকে স্মরণীয় বিশ্বকাপ উপহার দেওয়ার স্বপ্নও।