আরও ভালো খেলবে ম্যারাডোনার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত, দারুণ—এই শব্দগুলো বলতে পারছি না। তবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে দেখে ভালোই লাগল। সুন্দর ফুটবল খেলেছে। পাসিং, বল নিয়ন্ত্রণ, বল পজেশন, সব দিক দিয়েই আর্জেন্টিনার খেলায় অনেক উন্নতি।বাছাইপর্বের আর্জেন্টিনা আর এই আর্জেন্টিনায় পার্থক্যটা চোখে পড়ার মতো। মেসির মতো ফুটবলার যে দলে আছে, তারা তো একটা সময় ঘুরে দাঁড়াবেই। আর্জেন্টিনার জন্য সুখের বিষয়, সেই ঘুরে দাঁড়ানোটা শুরু হয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই। আমার বিশ্বাস, আর্জেন্টিনা আরও ভালো খেলবে। দলটাকে অনেকটা গুছিয়ে এনেছেন ম্যারাডোনা।শুনলাম, নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর ম্যারাডোনা বলেছেন, মেসি ৪০ শতাংশ খেলেছে কেবল। সামনে আরও খেলবে এবং বিশ্বকাপটা মেসিরই হবে। তাঁর এই কথায় আস্থা রাখার অনেক কারণ আছে। মেসি সত্যিই দুর্দান্ত। গোল না পেলেও সে গোল তৈরি করেছে কালও। আর্জেন্টিনার জন্য মেসি সবচেয়ে বড় সম্পদ এই জন্য যে মেসিকে দুই-তিনজন এই ম্যাচেও কড়া পাহারায় রেখেছে। এরই ফাঁক গলে সে আক্রমণ তৈরি করেছে এবং তাকে পাহারা দিতে গিয়ে তৈরি হওয়া খালি জায়গাটা কাজে লাগিয়েছে সতীর্থরা। হিগুয়েইন যে হ্যাটট্রিক করল, বড় অবদান তো মেসিরই।অনেকের চোখেই স্বপ্ন দেখছি—আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। কিন্তু আমি এখনো আর্জেন্টিনার সম্ভাবনা দেখছি না। হ্যাঁ, ফুটবল গোলের খেলা এবং আগেই বলে দেওয়া যায় না শেষ হাসি কার। কিন্তু কালকের ম্যাচের পরও যদি বলি আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তাহলে হয়তো অনেকে বলবেন, কী বলছি আমি! কিন্তু আমার যুক্তি, এই আর্জেন্টিনা দলে সেই ধারটা নেই, যেটি তাদের হাতে কাপটা তুলে দিতে পারে।আর্জেন্টিনা কাদের সঙ্গে খেলেছে, সেটা দেখতে হবে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ৪ গোলের জয়টাকে বড় করে দেখার কিছু নেই। কৃতিত্ব নিশ্চয়ই আছে আর্জেন্টিনার, কিন্তু আত্মঘাতী গোল খাওয়ার পর কোরিয়ানরা মানসিকভাবে ভেঙে পড়েছে, এটাও ভুললে চলবে না। তাহলে ফাইনালে কারা আসবে? আমার ধারণা, প্রথম ম্যাচ হারলেও স্পেন গ্রুপ চ্যাম্পিয়ন হলে শেষ পর্যন্ত ব্রাজিল-স্পেনই ফাইনাল হতে পারে। তবে আবারও বলছি, আর্জেন্টিনা ফাইনালে আসবে না বা চ্যাম্পিয়ন হবে না, এটার নিশ্চয়তা কিন্তু আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতেও পারে। স্পেনের নাম শুনে পরশু রাতে স্পেন হয়তো আপনার চোখে ভাসছে, যে স্পেন প্রথম ম্যাচেই হেরে গেছে। তার পরও আমি মনে করি, স্পেন ঘুরে দাঁড়াবে। একটা বাজে দিন তাদের যেতেই পারে।খুব আশা নিয়ে ভিয়া-তোরেসের খেলা দেখতে বসেছিলাম। এই দুই স্প্যানিয়ার্ড এবারের বিশ্বকাপে সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে আমার প্রথম পছন্দের দুজন। কিন্তু প্রথম ম্যাচে তারা কিছুই করতে পারল না। ব্যক্তিগতভাবে এ দুজনকে নিয়ে আলাদা করে বলার কিছু দেখছি না। গোটা দলই তো বাজে ফুটবল খেলেছে। লম্বা মৌসুম শেষ করে এসেছে ওরা, তাই খেলোয়াড়দের ক্লান্ত মনে হয়েছে। তবে আমি আশাবাদী, পরের ম্যাচ থেকেই ভিয়া-তোরেসের ঝলক দেখব।প্রথম রাউন্ড শেষ। খেলা দেখে আপনাদের কার কী মনে হয়েছে জানি না, তবে আমি নম্বর দিলে ব্রাজিলকেই এগিয়ে রাখব সবার ওপরে। ওরা পাবে ৭ নম্বর। জার্মানি-হল্যান্ড-ইতালিকে ৬। আর্জেন্টিনা সাড়ে ছয়। স্পেন ৫। কে কোন প্রতিপক্ষের সঙ্গে খেলেছে, সেটা বিবেচনায় নিয়েই এই মার্কিং। জার্মানি ৪ গোলে জিতেছে, কিন্তু কাদের সঙ্গে জিতেছে, সেটা তো ভুলে গেলে চলবে না!