আরও ভালো বেনজেমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেহারায় কেমন শান্ত-শিষ্টভাব। অনুশীলনের এই করিম বেনজেমাকে কে বলবে, মাঠে নেমেই তিনি হয়ে উঠছেন প্রতিপক্ষ রক্ষণের মূর্তিমান আতঙ্ক l এএফপি
চেহারায় কেমন শান্ত-শিষ্টভাব। অনুশীলনের এই করিম বেনজেমাকে কে বলবে, মাঠে নেমেই তিনি হয়ে উঠছেন প্রতিপক্ষ রক্ষণের মূর্তিমান আতঙ্ক l এএফপি

বিশ্বকাপের চমক তাঁকে বলা যাবে না। তবু চমকে দিয়েছেন যথেষ্টই। প্রতিভা-সামর্থ্য ভাবলে তাঁর কাছ থেকে এই পারফরম্যান্স অপ্রত্যাশিত নয়। কিন্তু বিশ্বকাপের আগে তাঁর এমন পারফরম্যান্স ভাবতে পেরেছিলেন কজন? পুরোনো হয়েও যেন তাই এই বিশ্বকাপের করিম বেনজেমা ফরাসিদের বদ্ধঘরে একঝলক মুক্ত বাতাস। বেনজেমার ভেলায় দারুণ গতিতে এগিয়ে চলছে ফ্রান্স।
বিশ্বকাপ অভিষেকে হন্ডুরাসের বিপক্ষে করেছিলেন ২ গোল। সুইজারল্যান্ডের বিপক্ষে দলের বিশাল জয়ে করেছেন একটি, অনায়াসেই হতে পারত তিনটি। একটি পেনাল্টি মিস করেছেন, আরেকবার বল জালে ঢুকিয়েও গোল পাননি কয়েক মুহূর্ত আগে রেফারি শেষ বাঁশি বাজিয়ে দেওয়ায়। ম্যান অব দ্য ম্যাচ দুই ম্যাচেই, আছেন গোল্ডেন বুটের লড়াইয়েও। নিজের পারফরম্যান্সে খুশি বেনজেমা, তবে এখনই তৃপ্ত নন, ‘মানসিকভাবে আমি শতভাগ চাঙা, তবে এর চেয়ে ভালো করতে পারি। শুরুটা ভালো হয়েছে, একাগ্রতা ধরে রাখতে পারলে এর চেয়েও ভালো না করার কারণ নেই।’
দুই ম্যাচে ৮ গোল, দুর্দান্ত দুটি জয়। রিবেরির অভাব বুঝতেই দিচ্ছেন না জিরু-ভালবুয়েনেরা। অনেকেই এখন সমীহ করছেন দিদিয়ের দেশমের দলকে। ফ্রান্সের কাছে হারের পর সুইজারল্যান্ডের কোচ ওটমার হিটজফেল্ড তো বলেই দিয়েছেন, অনেক দূর যাবে ফ্রান্স। অলিভিয়ের জিরুর সঙ্গে বেনজেমার দারুণ বোঝাপড়াও আলাদা করে চোখে পড়েছে দুই ম্যাচে। দুই ম্যাচের সেরা বেনজেমাও কৃতিত্ব দিলেন পুরো দলকে, ‘আমি একাই দলকে জেতাচ্ছি না, সবার অবদান আছে। সতীর্থদের ভালো পারফরম্যান্সের ফসল ঘরে তুলি আমি। অলিিভয়ের ও আমার এমন একটা বিশ্বাস আছে, আমরা একসঙ্গে খেললেই বোঝাপড়া দারুণ থাকবে। তবে আগেই বলেছি, স্রেফ করিম বা অলিভিয়ের নয়, সবাই দারুণ খেলছে।’
আগামী পরশু গ্রুপপর্বের শেষ ম্যাচে ফ্রান্সের প্রতিপক্ষ ইকুয়েডর। গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে বেনজেমাদের সম্ভাব্য প্রতিপক্ষ নাইজেরিয়া। ওয়েবসাইট।