২০১২ সাল।বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ একটা বছর। ৯টি ওয়ানডে খেলে ৫টি জিতলাম, তাও আবার সবই আমাদের চেয়ে শক্তিশালী দলের বিপক্ষে। টেস্টে যে খুব ভালো খেলেছি, তা দাবি করব না। আমাদের অন্তত এখন ড্র করা শেখা উচিত। তার পরও প্রায় এক বছর পর নেমে ওয়েস্ট ইন্ডিজকে ভালোই নাড়া দিতে পেরেছি মনে হয়।২০১৩ সাল।নতুন বছরের কথা বলতে গিয়ে কালই গত হয়ে যাওয়া বছরটার সংক্ষিপ্ত বৃত্তান্ত টানার কারণ আছে। ক্রিকেট ক্যালেন্ডারের পাতা হিসাব করে চলে না। ২০১৩ সাল হয়তো নতুন বছর, তাই বলে ক্রিকেটটা তো এ বছর আমরা নতুন করে খেলব না! এ বছরে আমরা টেনে আনব ফেলে আসা বছরের ধারাবাহিকতা। যেখানে ছিলাম, সেখান থেকে আরও উঁচুতে উঠব এ বছর আমরা। কাজেই নতুন বছরে পা ফেলার আগে, কোথায় ছিলাম, সেটাও একটু দেখে নেওয়া জরুরি।গত বছরটা খুব ভালোভাবে শেষ করার পর নতুন বছরে আরও ভালোর স্বপ্ন আমাদের চোখে। ফেব্রুয়ারিতে বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের কথা আছে। এরপর এপ্রিলে জিম্বাবুয়ে সফর। আমি চ্যালেঞ্জ বলব দুটি সফরকেই। গত বছর সাফল্য এসেছে নিজেদের মাটিতে খেলে। এবার বেশির ভাগই খেলতে হবে ভিন্ন কন্ডিশনে, অপরিচিত দর্শকদের সামনে। শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে আমরা বরাবরই অসহায়। আর জিম্বাবুয়ের বিপক্ষে তো শ্রেষ্ঠত্ব প্রমাণের চ্যালেঞ্জ থাকেই। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিজেদের সঙ্গেই। ২০১২ সালটা যে ধারাবাহিকতায় শেষ করতে পেরেছি, সেটা ধরে রেখে আরও এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ। তাতে জয়ী হওয়া গেলে ২০১৪ সালটাও শুরু করা যাবে নতুন স্বপ্ন নিয়ে। বড় একটা ধাপ এগিয়ে যাবে বাংলাদেশের ক্রিকেট।আমি বলছি না শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে বা নিউজিল্যান্ডের বিপক্ষে আমাদের জিততেই হবে। তবে আমাদের খেলায় যে সাহসী মানসিকতাটা এসেছে, সেটা যেন হারিয়ে না যায়। এশিয়া কাপ এবং গত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর নিশ্চয়ই কারোরই সন্দেহ নেই যে আমাদের খেলার ধরনে ইতিবাচক একটা পরিবর্তন এসেছে। বাংলাদেশ এখন সব ম্যাচই জেতার জন্য খেলে। নতুন বছরে এই বিশ্বাসটাকে আরও ছড়িয়ে দিতে পারলে সাফল্য আসবেই।এ তো বললাম দলীয় মানসিকতার কথা। যাদের নিয়ে দল, বিশেষ করে যাদের পারফরম্যান্স দলের জন্য বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাদেরও চেষ্টা করতে হবে নিজেদের মানটা ধরে রাখার। আমি আশা করি, নতুন বছরে সবাই সুস্থ থাকবে এবং নিজের খেলার প্রতি আরও মনোযোগী হয়ে ছাড়িয়ে যাবে নিজেকেও। ২০১২ সাল আমাদের নতুন কিছু খেলোয়াড় উপহার দিয়েছে। ২০১৩ সালে তাদের জন্য আলাদা শুভ কামনা।এ বছর আমরা ৬-৭টা টেস্ট খেলব। এটা ধারাবাহিকতা প্রমাণের ভালো একটা সুযোগ। যদি অন্তত তিনটা টেস্ট ড্র করতে পারি, জিম্বাবুয়ের বিপক্ষে জিততে পারি...। সত্যি বলতে কি, এসব এখন আর অসম্ভব মনে হয় না আমার কাছে। আমরা পারি। একটু চেষ্টা, একটু বাড়তি উদ্যম থাকলেই হয়ে যায়। সবার কাছে তো বটেই, নতুন বছরে আমি নিজের কাছেও সেটা চাই। আমাদের ঘরোয়া ক্রিকেটে নতুন নতুন খেলা যোগ হচ্ছে। এই খেলাগুলো সারা বছরই ম্যাচের মধ্যে থাকার সুযোগ করে দিচ্ছে। প্রয়োজন শুধু সিরিয়াসলি খেলা। ঘরোয়া ক্রিকেটের মান খারাপ, তাই আন্তর্জাতিক ক্রিকেটে পারি না, এসব বলার দিন শেষ। আমরা নিজেদের যে মানে নিয়ে এসেছি, সেটা ধরে রাখা কর্তব্য আমাদেরই।ব্যক্তিগতভাবে আমার পরিকল্পনা ছিল, এ বছর আবার টেস্ট ক্রিকেটে ফিরব। ইচ্ছাটা এখনো আছে। তবে এখনই নিশ্চিত করে বলতে পারছি না কবে ফিরব, কিংবা আদৌ ফিরতে পারব কি না। সব নির্ভর করছে আমার পায়ের অবস্থার ওপর। তবে চেষ্টা করব, নিজেকে টেস্ট ম্যাচ খেলার মতো অবস্থায় নিয়ে যাওয়ার।বাংলাদেশের ক্রিকেটে দর্শকেরা অনেক বড় শক্তি। নতুন বছরে তাদেরও অভিনন্দন। আরও ভালো কিছুর প্রত্যাশায় আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আপনারা এমনভাবে হাততালি দিন, যাতে আমরা যেখানেই থাকি, সেই হাততালি যেন আমাদের কানে পৌঁছে প্রেরণা জোগায়।