আরও ভয়ংকর জনসন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনন্দন ও উদ্যাপনের প্রথম পর্ব শেষে মাঠ থেকে ড্রেসিংরুমে ফিরছিলেন মিচেল জনসন। পথে তাঁকে থামিয়ে হাত বাড়িয়ে দিলেন একজন। সেঞ্চুরিয়নে তাঁর কীর্তিটা যিনি সবচেয়ে বেশি বোঝেন—সাবেক ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং। করমর্দনের পর উষ্ণ আলিঙ্গন, জনসনের আলো ঝলমলে চেহারাই বলছিল এ অভিনন্দনের মূল্য কেমন তাঁর কাছে।
শুধু হোল্ডিং নন, আসলে ক্রিকেটপ্রেমী সবাই মুগ্ধ। ব্রিসবেনে ১৭ বছর বয়সী কিশোর জনসনকে দেখে নাকি অনেক আগে ডেনিস লিলি বলেছিলেন, ‘নয় জন্ম পরে এমন প্রতিভা আসে।’ তিন মাস ধরে জনসন যেটা করছেন তা দেখে এখন কেউ বলতে পারেন, ‘নয় জন্ম পরে এমন পারফরম্যান্স দেখা যায়!’ গতি, সুইং ও আগ্রাসনে পেস বোলিংয়ের ধ্রুপদি সৌন্দর্য যেন পুনর্জন্ম পেয়েছে তাঁর হাতে।
আগুনে ছাই হয়ে গিয়েছিল ইংল্যান্ড, এবার কি হবে দক্ষিণ আফ্রিকাও? সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার কাছে (পড়ুন জনসনের কাছে) বিশাল হার আভাস দিয়েছে সিরিজের বাকি দুই টেস্টেও ভুগতে হবে দক্ষিণ আফ্রিকাকে।
এরই মধ্যে হয়তো তা আঁচ করে থাকবেন সেঞ্চুরিয়নের দুই ইনিংসে জনসনের বিরুদ্ধে তুলনামূলক কিছুটা প্রতিরোধ (৯১ ও ৪৮) গড়া এবি ডি ভিলিয়ার্স। পরের দুই টেস্টের জন্য তাই সতীর্থদের সতর্ক করে দিয়েছেন, ‘জনসনের বল খেলতে শুধু টেকনিক যথেষ্ট নয়, দরকার সাহসটাও। আহত হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, চোটের ভয় না পেলে তবেই কেউ খেলতে পারবে জনসনকে।’ প্রথম টেস্টের পরই জনসন এতটা আতঙ্ক ছড়িয়েছে বিশ্বের এক নম্বর দলের মধ্যে! সেঞ্চুরিয়ন টেস্ট শেষে অস্ট্রেলিয়ান পেসার যা বললেন তাতে সেই আতঙ্ক বাড়বে বৈ কমবে না, ‘খেলোয়াড় হিসেবে সব সময়ই আরও উন্নতি করার সুযোগ থাকে। আমিও সেই চেষ্টাই করব এই সিরিজে।’ এএফপি।