আরও রেকর্ডের প্রতিশ্রুতি হালিমের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রাজধানীর মতিঝিলে অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বল মাথায় নিয়ে স্বল্প সময়ের ব্যবধানে গ্রিনেজ রেকর্ড করা আবদুল হালিমকে ওয়াল্টনের পক্ষ থেকে দেড় লক্ষ টাকা সহ ফুলেল সংবর্ধনা দেয়া হয়। ছবি: জাহিদুল করিম
আজ রাজধানীর মতিঝিলে অলিম্পিক অ্যাসোসিয়েশন অডিটোরিয়ামে বল মাথায় নিয়ে স্বল্প সময়ের ব্যবধানে গ্রিনেজ রেকর্ড করা আবদুল হালিমকে ওয়াল্টনের পক্ষ থেকে দেড় লক্ষ টাকা সহ ফুলেল সংবর্ধনা দেয়া হয়। ছবি: জাহিদুল করিম

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কী—এর মাথামুণ্ডু কিছুই জানেন না নাসিমা বেগম। জানতেও চান না। শুধু এটুকু জানেন তাঁর স্বামী আবদুল হালিম একটা অনন্য কীর্তি গড়েছেন, যেটি ওই রেকর্ড বইয়ের পাতায় উঠেছে। যেটা অনেক গর্বের।

একটি নয়, দু-দুটি গিনেস রেকর্ডসের সার্টিফিকেট এখন আবদুল হালিমের হাতে। বাংলাদেশের প্রথম নারী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুর পর এবার আবদুল হালিমের হাতে উঠল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের সার্টিফিকেট। এমন বিরল কীর্তি গড়ার জন্য আজ দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) মিলনায়তনে তাকে ফুলেল সংবর্ধনা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন। শুধু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েই থেমে থাকেনি প্রতিষ্ঠানটি। নগদ দেড় লাখ টাকা, একটি ওয়ালটন প্রিমিও মুঠোফোন সেটও হালিম উপহার পেয়েছেন ওয়ালটনের পক্ষ থেকে।
হালিমের সংবর্ধনা অনুষ্ঠানে এসেছিলেন রেকর্ড গড়ার পেছনের কারিগর, এই কমিটির বাংলাদেশের কর্মকর্তা রায়হান আল মুঘনি, ঢাকা মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ মারুফ হাসান, বিওএ উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, ওয়ালটনের কর্মকর্তা এফএম ইকবাল বিন আনোয়ারসহ অনেকেই।
হালিম এই বিরল কীর্তি গড়তে সংসারই যেন ভুলতে বসেছিলেন। নিজের ছেলের পড়াশুনা সামলানোসহ সংসারের সব দায়িত্ব বাধ্য হয়েই কাঁধে তুলে নিয়েছেন স্ত্রী নাসিমা বেগম। গত রাতে মাগুরার শালিখা উপজেলার প্রত্যন্ত গ্রাম ছয়ঘরিয়া থেকে ঢাকায় এসেছেন তিনি। আজ অনুষ্ঠানে হালিমের সম্মাননা অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে পড়েন নাসিমা, ‘আমার বড় ছেলে অসুস্থ। তাকে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো লাগে। কিন্তু এসবের চেয়ে উনি নিজের খেলা নিয়ে, রেকর্ড গড়া নিয়েই বেশি ভাবেন। তবে এখন আর আমি তাকে কিছু বলি না। হালিম এখন সবার গর্ব।’
হালিমের পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। কাল পুলিশ কর্মকর্তা মারুফ হাসান নিজের বেতনের এক মাসের টাকাও হালিমের হাতে তুলে দেওয়ার ঘোষণা দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল প্রতিশ্রুতি দিলেন হালিমের একটি চাকরির, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে সব সময় অগ্রাধিকার দেন। তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়কে পাশকাটিয়ে খেলাধুলার জন্য আলাদা সময় দেন। আমি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে হালিমের জন্য ভাতা অথবা একটি স্থায়ী চাকরির ব্যবস্থা করে দেব। কারণ তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে।’
প্রধান অতিথির প্রতিশ্রুতি পেয়ে উচ্ছ্বসিত হালিমও দিলেন আরেকটি প্রতিশ্রুতি, ‘আমি যদি সুস্থ থাকি তাহলে প্রতিবছর একটি করে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ব।’
প্রসঙ্গত, হালিম মাথায় বল নিয়ে রোলার স্কেটিং করে ১০০ মিটার দূরত্ব পেরিয়েছেন মাত্র ২৭ দশমিক ৬৬ সেকেন্ডে! গত ২৫ এপ্রিল এজন্য গিনেস সনদ হাতে পেয়েছেন। গত ২৪ মার্চ এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কমিটি। এর আগে হালিম ২০১১ সালের ২২ অক্টোবর বঙ্গবন্ধু স্টেডিয়ামে বল মাথায় নিয়ে হেঁটেছিলেন ১৫ দশমিক ২ কিলোমিটার পথ। ২ ঘন্টা ৪৯ মিনিট ৫৩ সেকেন্ড সময় নিয়ে সেদিন করেন প্রথম গিনেস রেকর্ডটি। আর আজ এই দুটি রেকর্ড উপলক্ষে সম্মাননা দিল ওয়ালটন।