আরও রেকর্ডের হাতছানি টেন্ডুলকারের সামনে
এ জীবনে তাঁর নামের পাশে যতবার ‘রেকর্ড’ শব্দটি লেখা হয়েছে, ইতিহাসে আর কোনো ক্রিকেটারের পাশে তা লেখা হয়েছে কি না সন্দেহ। শচীন টেন্ডুলকারের প্রিয় গানই যেন ‘আমার এই রেকর্ড ভাঙাতেই আনন্দ’। আরও কিছু রেকর্ডের হাতছানি কিংবদন্তি এই ব্যাটসম্যানের সামনে। অনেক অনেক রেকর্ড নিজের নামে পাশে লিখে ফেললেও এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড তাঁর অধরাই থেকে গেছে। এর মধ্যে আছে ভারতীয়দের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরি। দুটি রেকর্ডই সুনীল গাভাস্কারের নামের পাশে জ্বল জ্বল করছে এখনো।দুটি রেকর্ডই অবশ্য টেন্ডুলকারের দৃষ্টিসীমার মধ্যে। গাভাস্কারের ৮১টি সেঞ্চুরি, টেন্ডুলকারের ৭৮টি। পূর্বসূরি লিটল মাস্টারের রেকর্ড ভেঙে দিতে বর্তমান লিটল মাস্টারের চাই আর ৪টি সেঞ্চুরি।গাভাস্কারের ৮১টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরির ৩৪টি টেস্টে। বাকিগুলো ঘরোয়া ক্রিকেটে। এদিক দিয়ে টেন্ডুলকার অনেক এগিয়ে আছেন। তাঁর ৭৮টি ফার্স্ট ক্লাস সেঞ্চুরির ২৭টি এসেছে ঘরোয়া ক্রিকেটে, বাকিগুলো আন্তর্জাতিক মঞ্চে। গাভাস্কারের মোট রান ২৫ হাজার ৮৩৪। টেন্ডুলকারের ২৪ হাজার ৪৫২। ১ হাজার ৩৮৩ রান করলেই গাভাস্কারকে টপকে যাবেন টেন্ডুলকার।টেস্ট-ওয়ানডের প্রায় সব ব্যাটিং রেকর্ড নিজের করে নেওয়া টেন্ডুলকারের জন্য সময় অবশ্য ফুরিয়ে আসছে দ্রুত। তিনি কবে অবসর নেবেন—এটা এখনো রহস্য। তবে অনেকেরই অনুমান, টেন্ডুলকার আপাতত আরেকটি মাইলফলকের দিকে তাকিয়ে। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ২০০তম টেস্ট থেকে মাত্র ১০ ম্যাচ দূরে তিনি। এই মাইলফলক ছুঁয়েই হয়তো অবসরে চলে যাবেন। আগামী এপ্রিলে ৪০ বছর পূর্ণ হওয়ার আগে অবশ্য আর আটটি টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন। এ সময়ের মধ্যে চারটি সেঞ্চুরি আর ১ হাজার ৩৮৩ রান পাবেন তো?টেস্টের আগেই অবশ্য ঘরোয়া প্রথম শ্রেণীর টুর্নামেন্টে রানসংখ্যা ও সেঞ্চুরি বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন টেন্ডুলকার। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ঘরোয়া সিরিজের জন্য প্রস্তুত হতে মুম্বাইয়ের পক্ষে খেলছেন তিনি। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতে খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে। টি-টোয়েন্টি থেকে দীর্ঘ পরিসরের ক্রিকেটে ফেরার প্রস্তুতিতে ফাঁক রাখতে চান না। তা ছাড়া ভাগ্যও এখন আর আগের মতো হাসে না তাঁর দিকে। গত দুই বছরে মাত্র একটি টেস্ট সেঞ্চুরি এসেছে টেন্ডুলকারের ব্যাট থেকে। সর্বশেষ ঘরোয়া ফার্স্ট ক্লাস সেঞ্চুরি আরও আগে, ২০০৯ রঞ্জির সেমিফাইনালে। টেস্ট-ওয়ানডের সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতীয় হিসেবে সর্বোচ্চ রান ও সেঞ্চুরির মালিক হতে তাই কঠিন চ্যালেঞ্জেরই সামনে। ওয়েবসাইট।