আরও শক্তিশালী হয়ে ফিরবেন আমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসির নির্দেশনা অনুসারে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে মোহাম্মদ আমিরের। এর অংশ হিসেবে গতকাল শনিবার পাকিস্তানের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ মকবুল বাবরির শরণাপন্ন হন এই ফাস্ট বোলার। আমিরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পর বাবরির আশাবাদ, আরও শক্তিশালী হয়ে ফিরবেন আমির।‘পাকিস্তান অবজারভার’-এর খবরে বলা হয়েছে, গতকাল স্থানীয় সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাবরির ক্লিনিকে গিয়ে কাউন্সিলিং নেন আমির। আমিরের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার সময় নিজের অন্য সব কাজ স্থগিত রাখেন বাবরি।কাউন্সিলিংয়ের সময় আমির বেশ ভালো সহযোগিতা করেছেন জানিয়ে বাবরি সাংবাদিকদের বলেন, ‘স্পট ফিক্সিংয়ের দায়টা নিজের কাঁধে নিয়েছেন আমির। কাউকেই দোষারোপ করেননি। দীর্ঘ সময় ধরে আমি আমিরের কথা শুনেছি। স্পট ফিক্সিং প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেছি কম। তাঁর ইতিবাচক মানসিকতায় আমি মুগ্ধ। আশা করছি, আরও শক্তিশালী হয়ে ফিরবেন আমির।’বাবরি জানান, পাকিস্তানি তরুণদের ফাস্ট বোলিং শিক্ষা দিতে চান আমির। একই সঙ্গে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে গিয়ে তরুণেরা যেন প্রলোভনে না পড়েন, এ ব্যাপারেও সচেতনতা বাড়াতে চান তিনি।গত বছর অনুষ্ঠিত লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের মাধ্যমে গোপনে অবৈধ অর্থ নেওয়া ও প্রতারণা করার অপরাধে নভেম্বরে মোহাম্মদ আসিফকে এক বছর, সালমান বাটকে আড়াই বছর ও মোহাম্মদ আমিরকে ছয় মাসের কারাদণ্ড দেন যুক্তরাজ্যের সাউথওয়ার্ক ক্রাউন আদালত। রায় ঘোষণার পর বাট ও আসিফকে কারাগারে এবং ১৯ বছর বয়সী আমিরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। ভালো ব্যবহার করায় অর্ধেক সাজা খেটে গত মার্চে দেশে ফেরেন আমির। একই ধরনের আচরণের জন্য আসিফের শাস্তিও কমে যায়। তিনিও এখন পাকিস্তানে ফিরেছেন। তবে এখনো কারাগারে আছেন বাট।স্পট ফিক্সিংয়ে জড়িত থাকায় আমিরের ওপর রয়েছে আইসিসির পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা। একই কারণে বাট ১০ ও আসিফ সাত বছরের জন্য নিষিদ্ধ। এত দিন গুঞ্জন ছিল, আইসিসির দেওয়া পাঁচ বছরের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবেন আমির। তবে আইসিসি নিশ্চিত করেছে, আমির তাঁর আইনজীবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আপিল করবেন না তিনি।