আরও সময় পেল সিলেট স্টেডিয়াম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তাবিত ভেন্যু সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ করার জন্য সময় বাড়ানোর আবেদন করেছিল বিসিবি। লন্ডনে দুই দিনব্যাপী আইসিসির বোর্ড সভায় মঞ্জুর হয়েছে সে আবেদন। কাল আইসিসি জানিয়েছে, কাজ শেষ করার জন্য বিসিবি সময় পাবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। এর আগে ৩০ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ করার কথা ছিল।
বিশ্বকাপের দুই প্রস্তাবিত ভেন্যু সিলেট ও কক্সবাজার স্টেডিয়াম এখনো নির্মাণাধীন। গত সপ্তাহে দুটি স্টেডিয়ামই পরিদর্শন করে গেছে আইসিসির প্রতিনিধিদল। নির্মাণকাজে কক্সবাজার অনেকটা পিছিয়ে পড়লেও সিলেট স্টেডিয়ামের কাজ ভালোই এগিয়েছে। প্যাভিলিয়ন আর প্রেসবক্সের কাজ প্রায় শেষের দিকে। বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী তাই আশাবাদী, ‘৩০ নভেম্বরের মধ্যে অবশ্যই শেষ হবে। আমাদের লক্ষ্য ১২-১৩ নভেম্বরের মধ্যেই কাজ শেষ করা।’
কথা ছিল আইসিসির অনুমোদন পেলে চলতি নিউজিল্যান্ড সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা সিলেটে হবে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে নির্মাণ নির্বিঘ্ন রাখতে সে ইচ্ছাটা সম্ভবত বাদই দিচ্ছে বিসিবি। ম্যাচটা সিলেটের পরিবর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনাই বেশি।
স্টেডিয়ামের কাজ শেষ করার সময় বাড়লেও ঢাকায় ২৭ অক্টোবর আনুষ্ঠানিক ঘোষণা হয়ে যাবে বিশ্বকাপের ফরম্যাট ও সূচি। আইসিসির সভায় আরব আমিরাতে অনুষ্ঠেয় ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সূচিও অনুমোদিত হয়েছে। ১৬ দলের এই টুর্নামেন্ট চলবে ১৪ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত।
আইসিসির এই সভায় আলোচিত হতে পারত বিসিবির ট্রাইব্যুনাল গঠন নিয়েও। সেটা হয়নি কারণ, সভার আগেই সাবেক বিচারপতি আবদুর রশীদকে প্রধান করে ১১ সদস্যের ডিসিপ্লিনারি প্যানেলের নাম পাঠিয়ে দেওয়া হয়েছে আইসিসির কাছে।