আরও ১৮ কোটি টাকা পেল বিওএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশীয় গেমসের জন্য নিজস্ব উদ্যোগে ৪৮ কোটি টাকা জোগাড়ের লক্ষ্যমাত্রা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)। সে লক্ষ্যে অনেক দূর এগিয়ে গেছে গেমস আয়োজকেরা। এরই মধ্যে মোটা দাগে জোগাড় হয়েছে ৩৫ কোটি টাকা। কয়েক দিন আগে কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও শিল্পপ্রতিষ্ঠান মিলে দিয়েছে ১৭ কোটি টাকা। কাল এল ১৮ কোটি টাকা। এই টাকা দিয়েছে বেসরকারি ব্যাংক, শিল্পপ্রতিষ্ঠানসহ ২৬টি প্রতিষ্ঠান।বিওএ ভবনে কাল ওই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিওএর আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। এর পর গেমসের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে চেক তুলে দেন ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।সর্বোচ্চ ৫ কোটি টাকার জোগান এসেছে গেমসের একমাত্র প্লাটিনাম স্পনসর (সবচেয়ে বড়) ও মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোনের কাছ থেকে। অন্য প্রতিষ্ঠান হলো ২০টি ব্যাংক—এবি, সিটি, এক্সিম, ইসলামী, আল-আরাফা, ইস্টার্ন, যমুনা, মিউচুয়াল ট্রাস্ট, ট্রাস্ট, ঢাকা, মার্কেন্টাইল, ন্যাশনাল ক্রেডিট ও কমার্স, ব্যাংক এশিয়া, উত্তরা, ডাচ্-বাংলা, প্রিমিয়ার, পূবালী, সাউথইস্ট, স্ট্যান্ডার্ড ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আরও পৃষ্ঠপোষণা করছে এস আলম গ্রুপ, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এমজেএল বাংলাদেশ লিমিটেড, নাভানা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ও হামদর্দ।ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, বিওএর সভাপতি জেনারেল আব্দুল মুবীন, বিওএর মহাসচিব কুতুবউদ্দিন আহমেদসহ অনেকেই উপস্থিত ছিলেন এতে।উল্লেখ্য, গেমসের বাজেট মোট ১৭০ কোটি টাকা, যার মধ্যে ১২২ কোটি টাকা দিচ্ছে সরকার।