আরব আমিরাতই পাকিস্তানের হোম ভেন্যু

নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজনের কোনো সুযোগ নেই। তাই বাধ্য হয়েই হোম সিরিজগুলো নিরপেক্ষ ভেন্যুতেই খেলতে হচ্ছে পাকিস্তানকে। এ বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজগুলোও পাকিস্তান খেলবে সংযুক্ত আরব আমিরাতে। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান। এর পরপরই ডিসেম্বর থেকে শ্রীলঙ্কার বিপক্ষেও পাকিস্তান খেলবে একটি পূর্ণাঙ্গ সিরিজ। তিনটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি। ২০০৯ সালে শ্রীলঙ্কান ক্রিকেট বাসে সন্ত্রাসী হামলার পর থেকে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি পাকিস্তানে। এবারও নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। হোম সিরিজগুলোর জন্য বেশির ভাগ সময়ই নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকেই বেছে নিয়েছে পাকিস্তান।— রয়টার্স