আরব আমিরাতের কোচ হতে পারেন ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ক্লাব আল ওয়াসলের কোচ হিসেবে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ডিয়েগো ম্যারাডোনা। এখনো কোচ হিসেবে উল্লেখযোগ্য কোনো সাফল্য না পেলেও খুব শিগগিরই হয়তো দেশটির পক্ষ থেকে আরও বড় ধরনের প্রস্তাব পেতে যাচ্ছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি। ম্যারাডোনাকে দেশটির জাতীয় ফুটবল দলের কোচ হিসেবেও নিয়োগ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন ইউএই ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইউসুফ আল সেরকাল।২০১০ সালে আর্জেন্টিনার কোচ হিসেবে প্রথমবারের মতো কোনো দেশের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ম্যারাডোনা। কিন্তু আর্জেন্টিনার ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর অনেকের অনুরোধ সত্ত্বেও কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলের এই অধিনায়ক। এবার দ্বিতীয়বারের মতো কোনো জাতীয় দলের কোচ হিসেবেও দেখা যেতে পারে ম্যারাডোনাকে। সম্প্রতি এমন ইঙ্গিতই দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ইউসুফ আল সেরকাল। তিনি বলেছেন, ‘ম্যারাডোনা এখন ইউএই ফুটবল পরিবারেরই একজন সদস্য। আমরা তাঁর মতো একজন ব্যক্তিকে কোনোমতেই অগ্রাহ্য করতে পারি না। আমরা তাঁকে কোচ হিসেবে বিবেচনা করছি। আমরা পছন্দ করি বা না করি, তাঁর নামটাই অনেক প্রভাব ফেলতে পারে।’গত বছর স্রেকো কাটান্সকে বরখাস্ত করার পর থেকেই কোচশূন্য অবস্থায় আছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। ম্যারাডোনাকে যদি এখন এই প্রস্তাব দেওয়া হয়, তাহলে যে তিনি সেটা লুফেই নেবেন, সেটা এরই মধ্যে জানিয়ে রেখেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। গত সপ্তাহেই তিনি বলেছিলেন, ‘জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পেলে আমি খুবই খুশি হব।’ রয়টার্স।