আরাগোনাসের প্রতি ম্যারাডোনার শ্রদ্ধা

ধারালো ফুটবলমস্তিষ্ক, মাঠে নতুন কৌশল প্রয়োগের অভাবনীয় ক্ষমতা ছিল ‘ফোর্তালেজার জ্ঞানী’ লুইস আরাগোনেসের। কদিন আগে ৭৫ বছর বয়সে চলে গেছেন জীবন নদীর ওপারে। স্পেনকে ২০০৮ সালে ইউরো জেতানো প্রয়াত এ কোচকে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। শ্রদ্ধাজ্ঞাপনে আর্জেন্টিনা কিংবদন্তির কিছুটা দেরি হওয়ার কারণ রয়েছে। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাজে ব্যস্ত থাকায় আরাগোনাসের মৃত্যুর খবর পরে জেনেছেন ম্যারাডোনা।
৮৬-এর বিশ্বকাপ নায়ক বলেন, ‘লুইসের যে জিনিসটি সবচেয়ে বেশি পছন্দ করতাম সেটি হলো, তিনি ছিলেন খেলোয়াড়দের বন্ধু। তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানাই। লুইসের পরিবারের সদস্যদের প্রতি শুভকামনা। খবরটি (মৃত্যু) শুনেছি একটু দেরিতে। মোটেও ভাবতে পারিনি এমনটা হবে। খুবই কষ্ট পেয়েছি জেনে। তিনি ছিলেন অসাধারণ মানুষ। স্প্যানিশ ফুটবলের অন্যতম বিরাট ব্যক্তিত্ব। আমরা তাঁর শূন্যতা অনুভব করব।’
স্পেন ফুটবলে আরাগোনেসের অবদান ম্যারাডোনা উল্লেখ করলেন এভাবে, ‘স্পেনের শরীরের জোরে উন্মাদের মতো খেলার ধরন দূর করেছিলেন তিনি। দলটিকে ভালোভাবে ফুটবল খেলা শিখিয়েছিলেন। ফুটবলে এটিই তাঁর সম্পত্তি।’ ওয়েবসাইট।