আরাগোনেসও মুগ্ধ
২০০৮ সালে স্পেনকে ৪৪ বছর পর ইউরোর শিরোপা উপহার দিয়েছিলেন লুইস আরাগোনেস। তিনি এখন স্পেনের কোচের দায়িত্বে নেই। তাঁর জায়গায় ভিসেন্তে দেল বস্ক। তবে স্পেনের খেলোয়াড় তালিকাটা প্রায় একই। সেই জাভি, ইনিয়েস্তা, ভিয়া, তোরেস, পুয়োল, ক্যাসিয়াসরাই স্পেনের প্রতিনিধি।পরশু রাতে জার্মানিকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে স্পেন। সুখের এই সময়ে অন্য আর দশজন স্প্যানিয়ার্ডের মতোই খুশিতে, আনন্দে, গর্বে বুকটা ভরে গেছে স্পেনের সাবেক কোচ লুইস আরাগোনেসের। সাবেক শিষ্যদের প্রশংসায় পঞ্চমুখ তিনি।যদিও সুইজারল্যান্ডের কাছে প্রথম ম্যাচেই হারের পর এই আরাগোনেসই বলেছিলেন অন্য কথা। তবে জাভি, পুয়োলদের নিয়ে আগের সেই অবস্থানের একেবারে উল্টো মেরুতে চলে এসেছেন ফুটবল-পণ্ডিত বলে বিবেচিত আরাগোনেস। আগে যা-ই বলুন, জার্মানি ম্যাচের পর সোজা বলে দিয়েছেন, এই স্পেনকে হারানো কঠিন হবে। হুমকিটি যে ফাইনালকে কেন্দ্র করে হল্যান্ডকেই দিয়েছেন সেটা অনুমেয়ই।বল নিজেদের পায়ে রেখে ছোট ছোট পাসে খেলাটা স্পেনের বৈশিষ্ট্য। জার্মানির বিপক্ষে সেমিফাইনালে এই বৈশিষ্ট্যটা আরও বেশি নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন জাভি, ইনিয়েস্তারা। আরাগোনেসের মুগ্ধতাটা এখানেই। আল-জাজিরা টেলিভিশনকে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হলো, খেলোয়াড়রা বল নিজেদের আয়ত্তে রাখতে পেরেছে। তারা (স্পেন) হয়তো কাউন্টার অ্যাটাকে আরও গোল পেতে পারত। কিন্তু আজ জয়ী হয়েছে ফুটবল।’টোটাল ফুটবলের রূপকার হল্যান্ডও সুন্দর ফুটবলের পূজারি। ৩২ বছর পর ফাইনালে ওঠার পথে তারাও উপহার দিয়েছে দৃষ্টিনন্দন ফুটবল। আরাগোনেসও বিশ্বাস করেন, দুই দেশের ফুটবল স্টাইলটাও একই। তাই রোববার অসাধারণ এক ফাইনাল ম্যাচ হবে বলেই বিশ্বাস তাঁর। স্পেন, হল্যান্ডের ফাইনালে আসাটাকে তিনি দেখছেন ফুটবলেরই জয় হিসেবে, ‘এটা ফুটবলের জন্যই ভালো দিক।’দলকে ফাইনালে দেখে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের পরিচালক ফার্নান্দো হিয়েরোর গর্বটা যেন আরও বেশি। তাঁর কথার সুরই এর প্রমাণ। জার্মানির বিপক্ষে জয়ের প্রতিক্রিয়ায় মার্কাকে তিনি বলেছেন, ‘এটা সমর্থকদের পাওনা। এটা খেলোয়াড়দের পাওনা। এটা কোচের পাওনা।’ হল্যান্ডের বিপক্ষের ফাইনাল সম্পর্কে বলেছেন, ‘ফাইনাল বলেই এটি কঠিন ম্যাচই হবে। এটাই চূড়ান্ত ম্যাচ। জয়ের জন্য আমরা তাই সবকিছুই ঢেলে দিব।’ ওয়েবসাইট।