আরামবাগ-সকার ড্র
কাল জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠে যেত আরামবাগ। কিন্তু সেই জয়টা তারা তুলে নিতে পারল না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাল স্বাধীনতা কাপ ফুটবলে ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করল মতিঝিল পাড়ার দলটি। আগামী পরশু ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার মুখোমুখি হবে আরামবাগ। মুক্তিযোদ্ধার সঙ্গী হয়ে শেষ আটে উঠতে ওই ম্যাচে কমপক্ষে ড্র করতে হবে আরামবাগকে।২১ মিনিটে সোহেল রানার গোলে প্রথমে এগিয়ে যায় ফেনী সকার। বক্সের বাইরে থেকে তাঁর জোরালো শট পোস্টে লেগে ভেতরে ঢোকে (১-০)। গোল শোধের চেষ্টায় মরিয়া আরামবাগকে ৪৪ মিনিটে স্বস্তির গোলটি এনে দেন লাইবেরিয়ান স্ট্রাইকার বেঞ্জামিন কুপার।দ্বিতীয়ার্ধে অবশ্য দুই দলই গোল করার বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। এগিয়ে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হওয়ায় হতাশ ফেনী সকারের কোচ আবু ইউসুফ, ‘বড় দলের বিপক্ষে আমাদের ছেলেরা যতটা সিরিয়াস, ছোট দলের বিপক্ষে ততটা না। বেশ কয়েকটি সুযোগ আমরা কাজে লাগাতে পারিনি।’