আরামবাগকে জেতালেন পল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ফুটবলে বেশ কয়েকজন পল খেলে গেছেন। সর্বশেষ যে পল এসেছেন, তাঁর পুরো নাম আবু ওলোদোতুন পল। বয়স ২০। নাইজেরিয়ার এই তরুণের জীবনে কালকের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। পেশাদার ফুটবলজীবনে এদিনই যে প্রথম গোলটি করলেন!পল খেলেন আরামবাগে। এবারই প্রথম এসেছেন। এসেই বাংলাদেশ লিগে তৃতীয় ম্যাচে দলকে পয়েন্টের মুখ দেখালেন। ফেনী সকারের বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাঁর একমাত্র গোলেই আরামবাগ পেল ৩ পয়েন্ট। মুক্তিযোদ্ধা ও আবাহনীর কাছে হারের পর এটি লিগে আরামবাগের প্রথম জয়। অন্যদিকে ফেনী সকার তিন ম্যাচেই হারল। প্রথম দুটি হার ছিল আবাহনী ও বিজেএমসির কাছে।কাল অন্তত একটা পয়েন্টের সম্ভাবনা যখন জাগিয়ে তুলেছিল সকার, তখনই অন্তিম মুহূর্তে (৮৯ মিনিট) পলের গোল। সজীবের ক্রস থেকে গোলমুখে জটলা, রক্ষণ ছেড়ে উঠে আসা পলের হেডে লক্ষ্যভেদ। বিভিন্ন পজিশনে খেলতে অভ্যস্ত পল কাল ছিলেন ডিফেন্ডারের ভূমিকায়।ম্যাচের পর ছয় ফুট দুই ইঞ্চি লম্বা তরুণ বলছিলেন, ‘আমার বিশ্বাসই হচ্ছে না গোল করেছি। এই প্রথম আমি পেশাদার লিগে খেলছি। পরিবার কখনো চায়নি আমি ফুটবল খেলি। কিন্তু নিজের অদম্য ইচ্ছার জোরে আমি এত দূর এসেছি। আজ পেশাদার ফুটবলজীবনের প্রথম গোলটা করে সত্যিই আমি খুব আপ্লুত।’যোগ্যতর দল হিসেবেই জিতেছে আরামবাগ। তবে টানা তিন হারে ফেনী সকার আরও সমস্যায় পড়ল। কোচ মাহমুদুল হক (লিটন) চোখ-মুখ অন্ধকারে ঢেকে সংবাদ সম্মেলনে এসে বললেন, বিদেশিদের ওপর (এদিন খেলেছে চারজন) মোটেও খুশি নন। সামনের ম্যাচগুলোতে বড়জোর দুজন বিদেশি খেলাতে পারেন। অন্যদের ওপর তাঁর কোনো আস্থা নেই।