আরামবাগকে জয়বঞ্চিত করল ফেনী
নির্ধারিত সময় শেষে তখন চলছিল যোগ করা সময়ের খেলা। পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ১-০-তে এগিয়ে থাকা আরামবাগের খেলোয়াড়েরা। কিন্তু শেষ বাঁশি বাজার কেবলই আগে তাদের সেই আনন্দ নিভিয়ে দিয়েছেন ফেনী সকারের নাইজেরিয়ান স্ট্রাইকার রোলান্ড ইকেচুকু। ফেনীর সঙ্গে ১-১-এ ড্র করতে হলো আরামবাগকে।২২ মিনিটে সুবাইর মোহাম্মদের গোলে এগিয়ে যায় আরামবাগ (১-০)। তবে দ্বিতীয়ার্ধে ফেনীর দলটি একতরফাই খেলল। অনেকগুলো সুযোগ নষ্টের পর শেষ মুহূর্তে সফল রোলান্ড। এই ড্রয়ে ১৬ ম্যাচে (৪ জয় ও ৫ ড্র) ১৭ পয়েন্ট নিয়ে আগের মতো অষ্টম স্থানেই রইল আরামবাগ, ফেনী উঠে এল নয়ে। সমান ম্যাচে ২ জয় ও ৭ ড্রয়ে তাদের পয়েন্ট ১৩। ওদিকে কাল কক্সবাজারে নগর প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ১৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১১তম চট্টগ্রাম মোহামেডান, সমান ম্যাচে ৫ পয়েন্ট পাওয়া চট্টগ্রাম আবাহনীর স্থান একেবারে তলানিতে।আজকের খেলা: মুক্তিযোদ্ধা-শেখ রাসেল (বিকেল ৪-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।