আরামবাগকে দুশ্চিন্তায় ফেলল মোহামেডান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহামেডানকে হারাতে পারলে অবনমন বাঁচানোর লড়াইয়ে খানিকটা এগিয়ে যেত আরামবাগ। কিন্তু কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের কাছে ১-০ গোলে হেরে তারা তাদের ভাগ্যাকাশে জমাল কালো মেঘ।স্টেডিয়ামে গুঞ্জন, মোহামেডানের কাছ থেকে সমঝোতার ভিত্তিতে পয়েন্ট নেওয়ার চেষ্টা করেছিল আরামবাগ। কিন্তু মোহামেডান রাজি হয়নি। গতিময় এই ম্যাচে ৭২ মিনিটে রনির করা একমাত্র গোল হতাশায় ঠেলে দিয়েছে আরামবাগকে। একসময়ের ‘বড় দলের ঘাতকদের’ ভাগ্য ঝুলে গেছে শেষ ম্যাচের ওপর। দল মোহামেডানের সঙ্গে ভালো খেললেও গোল মিস করার মাশুল দিয়েছে। ১১ দলের লিগ থেকে দুটি দল নেমে যাবে, যার একটি এরই মধ্যে চূড়ান্ত—রহমতগঞ্জ। ফেনী সকার, ফরাশগঞ্জ এবং আরামবাগ লড়ছে অবনমন বাঁচাতে। ১৯ ম্যাচে সকারের পয়েন্ট ১৯, ফরাশগঞ্জের পয়েন্ট ১৮, আরামবাগের ১৬। আগামী পরশু আরামবাগ-সকার ম্যাচ ফেনীতে। একই দিনে ঢাকায় মোহামেডান-ফরাশগঞ্জ। ওদিকে একটা সময় অবমন বাঁচানোর কথাও ভাবতে হয়েছে যে মোহামেডানকে, তারাই এখন তরতর করে উঠে এসে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চারে! কাল কমলাপুরে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে বিজেএমসি। ৮৯ মিনিটে গোলটি করেছেন ইসমাইল বাঙ্গুরা। ১৯ ম্যাচে বিজেএমসির পয়েন্ট ৩৩। ১৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে সবার নিচেই থাকল রহমতগঞ্জ।