আরামবাগকে হারাল রহমতগঞ্জ
আরামবাগ-রহমতগঞ্জ দুই দলই সমশক্তির। জিততে পারে যে কেউ। কাল এই দুই দলের লড়াইয়ে জিতল রহমতগঞ্জ। ২-১ গোলে জিতে বাংলাদেশ লিগে শুভসূচনা করল পুরান ঢাকার দলটি। রহমতগঞ্জ ২-০ করার পর আরামবাগ ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি। ৩৩ মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে গোল করে রহমতগঞ্জকে এগিয়ে নেন জামাল। ৫৫ মিনিটে নাইজেরিয়ান স্ট্রাইকার পলের শট জালে ঢোকে আরামবাগ ডিফেন্ডার আকরামের গায়ে লেগে। শেষ দিকে বেঞ্জামিন একটা গোল শোধ করেন।কমলাপুর শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে এদিন ফ্লাডলাইট-বিভ্রাটে মিনিট পাঁচেক খেলা বন্ধ ছিল। বিকেল চারটায় শুরু হওয়া ম্যাচ শেষ হতে হতে প্রায় ছয়টা বেজে যায়। এখন সন্ধ্যা হয় সাড়ে পাঁচটায়। তাই প্রায় আধঘণ্টা ফ্লাডলাইট জ্বালিয়ে ম্যাচ চলে। কাল শেষ দিকে ফ্লাডলাইটের আলো কমে যাওয়ায় ওই সমস্যা। এর নাম পেশাদার লিগ!আজ নিজেদের মাঠ (হোম) কক্সবাজার স্টেডিয়ামে ঢাকা আবাহনীর বিপক্ষে খেলার কথা চট্টগ্রাম আবাহনীর। কিন্তু ম্যাচটা আজ কমলাপুর স্টেডিয়ামে হচ্ছে!বাফুফের দাবি, আবাহনী তাদের জানিয়েছে, বর্ষবরণের কারণে কক্সবাজারে আবাসনের ব্যবস্থা করা যায়নি। আবাহনীর আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাচটা ঢাকায় হচ্ছে। তবে আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাসের দাবি, ‘আমাদের প্রথম দুটি ম্যাচই অ্যাওয়ে হতে পারে না। দ্বিতীয়টা ঢাকায় হওয়া উচিত! তাই আমরা ঢাকায় খেলছি ম্যাচটা।’ লিগ কমিটি বলছে, পরপর দুটি অ্যাওয়ে ম্যাচ হতে পারে, এটা কোনো সমস্যা নয়!’ব্যাপারটা যা-ই হোক, পেশাদার লিগে নিয়মকানুনের বালাই নেই। যখন যেভাবে সুবিধা, সেভাবেই সব করা হচ্ছে। সকালে ফিকশ্চার দিয়ে বিকেলে বদল! এটা আকসার চলছে। ফিকশ্চার বদলের শিকার হয়ে মহা ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক বললেন, ‘আমাদের প্রথম খেলা ১ তারিখে হবে জানানোর পর সেই অনুযায়ী প্রস্তুতি নিই। পরে এক দিন এগিয়ে আনায় আমাদের ক্ষতি হয়েছে। এভাবে তো পেশাদার লিগ চলতে পারে না!’