আরিফ-তপুদের মুক্তির আনন্দ
চলতি মৌসুমে খেলতে পারবেন কি না, তা নিয়ে ভীষণ সংশয়ে ছিলেন আরিফুল ইসলাম, শাকিল আহমেদ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তপু বর্মন ও জুয়েল রানা। অবশেষে এই পাঁচ ফুটবলারকে স্বস্তি দিয়েছে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। পরশুর সভা শেষে এই কমিটি জানিয়েছে, চলতি মৌসুমে দলবদলে কোনো বাধা নেই তাঁদের।
গত মৌসুমে আবাহনীকে ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল এই পাঁচজনের। কিন্তু মৌসুম শেষে দলবদল করতে গিয়েই পড়েন ঝামেলায়। আবাহনী তাঁদের কারণ দর্শাও নোটিশ দেয়, পাশাপাশি দেয় এক বছরের নিষেধাজ্ঞা। বিষয়টি নিয়ে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে অভিযোগও করে আবাহনী।
গত ফেব্রুয়ারিতে চট্টগ্রামে শেখ কামাল ক্লাব কাপ খেলেই প্রিমিয়ারের নতুন দল সাইফ স্পোর্টিংয়ে যোগ দেন এই পাঁচজন। কিন্তু আবাহনীর দাবি ছিল, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এই ফুটবলাররা তাদের। এরপর এএফসি কাপের জন্যও তাঁদের ডেকেছিল আবাহনী। কিন্তু আবাহনীর ক্যাম্পে যোগ দেননি পাঁচ ফুটবলার। এরপরই ওই শোকজ নোটিশ ও নিষেধাজ্ঞা নেমে আসে তাঁদের ওপর।
পরশু বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সামনে হাজির হয়ে পাঁচ ফুটবলার কথা বলেছেন, লিখিতভাবেও আত্মপক্ষ সমর্থন করেছেন। আবাহনীও প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সামনে তাদের বক্তব্য তুলে ধরে। দুই পক্ষের বক্তব্য শুনেই প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি পরশু এই রায় দিয়েছে।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু কাল বলেছেন, ‘সংশ্লিষ্ট কাগজপত্র আমি এখনো হাতে পাইনি। তাই এখন আমি কিছু বলতে পারব না।’
মানিককে দিতে হবে ছয় লাখ টাকা: গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীর কোচের দায়িত্ব নিয়ে শফিকুল ইসলাম মানিক সেটি ছেড়ে চলে আসেন মাঝপথে। কিন্তু এভাবে কোচের পদে ইস্তফা দেওয়ায় মানিকের বিরুদ্ধে ক্লাবটি চুক্তিভঙ্গের অভিযোগ করে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আগামী ৯ মের মধ্যে অভিজ্ঞ এই কোচকে ছয় লাখ টাকা ফেরত দিতে বলেছে বাফুফের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। মানিক এই সিদ্ধান্ত মানছেন না, আদালতে যাবেন বলে হুমকি দিয়েছেন, ‘এটা মিথ্যা অভিযোগ। আমি ওখানে কাজ করেছি বলেই বেতন নিয়েছি। কিন্তু এক বছর যাবৎ বাফুফে আমাকে মানসিকভাবে হয়রানি করছে। এক বছর পর হঠাৎ কেন এই সিদ্ধান্ত দিচ্ছে তারা! তাদের জানিয়ে দিয়েছি, যদি হয়রানি করা হয়, তাহলে বাফুফে ও সংশ্লিষ্ট ক্লাবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।’