আরেক ধাপ এগোল চেলসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জুভেন্টাস, বায়ার্ন ও আয়াক্সের পর চতুর্থ ক্লাব হিসেবে সব কটি ইউরোপিয়ান ক্লাব টুর্নামেন্ট জয়ের পথে আরেক ধাপ এগোল চেলসি। ১৯৭১ ও ১৯৯৮ কাপ উইনার্স কাপজয়ী চেলসির সামনে হাতছানি প্রথম দল হিসেবে চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের মৌসুমেই ইউরোপা লিগ (একসময়কার উয়েফা কাপ) জয়েরও। তবে তা জিততে পারলেও কি আক্ষেপ যাবে! চ্যাম্পিয়নস লিগ জয়ের পরের মৌসুমে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার দুঃখ তো আর সহজে ঘোচার নয়। চেলসির এই দুঃখের কোনো সমব্যথীও নেই।গত পরশু মস্কোয় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রাশিয়ার রুবিন কাজানের কাছে ৩-২ গোলে হেরেও প্রথম লেগে ৩-১ গোলে জয়ের সুবাদে সেমিফাইনালে উঠে গেছে চেলসি। সেমিফাইনালে প্রতিপক্ষ সুইস ক্লাব বাসেল। অন্য সেমিফাইনালে খেলবে তুর্কি ক্লাব ফেনারবাচে ও পর্তুগিজ ক্লাব বেনফিকা। প্রথম ও দ্বিতীয় লেগ ২৫ এপ্রিল ও ২ মে।শেষ চারে চেলসির প্রতিপক্ষ বাসেল বিদায় করে দিয়েছে ইংলিশ ক্লাব টটেনহামকে। দুই লেগেই ২-২ ড্রয়ের পর টাইব্রেকারে বাসেল জিতেছে ৪-১ গোলে। নিজেদের মাঠে ৩-১ গোলে জয়ী বেনফিকা ইংল্যান্ডে এসে ১-১ গোলে ড্র করেছে নিউক্যাসলের সঙ্গে। অন্য ম্যাচটিতে ইতালির লাৎসিওর সঙ্গে ১-১ গোলে ড্র করলেও দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে শেষ চারে উঠে গেছে ফেনারবাচে। এএফপি।