আরেক ধাপ এগোল ঢাকা

মুক্তারের ছক্কার বিশ্বরেকর্ড। ফরহাদ রেজার ডাবল সেঞ্চুরি। ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে ফেলার পর রাজশাহীর ৬৭৫। জাতীয় ক্রিকেট লিগের প্রথম দুই দিনে রাজশাহীর কীর্তির কাছেই আড়াল হয়ে গিয়েছিল বাকি তিনটি ম্যাচ। পরশু বিকেএসপিতে তিন দিনের মধ্যেই চট্টগ্রামকে ৪০৩ রানে হারিয়ে রাজশাহী শেষটাও করেছে রাজকীয়ভাবে। রানের হিসাবে জাতীয় লিগে এটিই সবচেয়ে বড় জয়।
তবে তৃতীয় দিনটাকে পুরোপুরি রাজশাহীময় হতে দেননি খুলনার আবদুর রাজ্জাক। জাতীয় দলের বাঁহাতি স্পিনারের কীর্তিটাও তো ফেলনা নয়। বাংলাদেশের প্রথম বোলার হিসেবে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৯ উইকেট নিয়েছেন রাজ্জাক। ম্যাচে মোট ১৩ উইকেট নিয়ে কক্সবাজারে ঢাকা মহানগরের বিপক্ষে দলের জয়ে মূল ভূমিকা তাঁরই। শেষ দিনের লাঞ্চের আগেই শেষ হয়েছে এই ম্যাচ।
কাল লাঞ্চের আগেই জিতে গেছে ঢাকা বিভাগ ও সিলেটও। বরিশালকে ৮ উইকেটে হারানো ঢাকা বিভাগ সুবাস পাচ্ছে শিরোপার। ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া শেষ রাউন্ডে খুলনার বিপক্ষে পাঁচটি বোনাস পয়েন্ট পেলেই ২০০৬-০৭ মৌসুমের পর আবার চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ। ফতুল্লায় সিলেটকে ৩১৪ রানে হারিয়ে পয়েন্ট তালিকার চারে উঠে এসেছে রংপুর। বিফলে গেছে সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের প্রথমবারের মতো ১০ উইকেট পাওয়াও।
কক্সবাজারে রাজ্জাককে দশে দশ পেতে দেননি ইমরুল কায়েস। মহানগরের দ্বিতীয় ইনিংসে টানা ২৪ ওভার বোলিং করে ৭ উইকেট নেওয়ার পর দুই ওভারের জন্য নিজেকে সরিয়ে নিয়েছিলেন অধিনায়ক রাজ্জাক। ঠিক এই সময়টাতেই মেহরাব জুনিয়রকে বোল্ড করে দেন অফ স্পিনার ইমরুল। ২০৩ রানের লক্ষ্য, তৃতীয় দিনেই ১৫১ রান তুলে নেওয়া খুলনা জিতেছে ৫ উইকেটে। ক্যারিয়ারের পঞ্চদশ সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন অভিজ্ঞ তুষার ইমরান (১০৭*)।
ফতুল্লায় প্রথম ইনিংসে ২৪৮ রানের লিড নিয়েও সিলেটকে ফলোঅন করায়নি রংপুর। ২২৮ করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করা রংপুর এরপর সিলেটকে অলআউট করেছে ১৬২ রানে। চট্টগ্রামে বরিশালের দেওয়া ১১০ রানের লক্ষ্য ২ উইকেট হারিয়েই পেরিয়ে যায় ঢাকা বিভাগ। এই ম্যাচ থেকে পাওয়া ২৪ সহ ছয় ম্যাচে দলটির মোট পয়েন্ট ১১১। দ্বিতীয় স্থানে থাকা রাজশাহীর পয়েন্ট ৯০।
শেষ রাউন্ডে চট্টগ্রামে ঢাকা মহানগরের মুখোমুখি হবে রাজশাহী। এ রাউন্ডে শুধু ঢাকা বিভাগের পা হড়কানোর আশা করলেই চলছে না রাজশাহীর, চ্যাম্পিয়ন হওয়ার জন্য বোনাস পয়েন্টসহ জিতে রাখতে হবে নিজেদের ম্যাচটাও।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর: ১৭২ ও ৮৪.২ ওভারে ২৪৩ (শামসুর ৮৪, শহীদ ৫২*, সৈকত ২২, মেহরাব ২১; রাজ্জাক ৯/৯১, ইমরুল ১/৭)। খুলনা: ২১৩ ও ৪৮.৫ ওভারে ২০৬/৫ (তুষার ১০৭*, মিঠুন ৭৫; আরাফাত ২/৩৬, শরীফউল্লাহ ১/২৪, মাহমুদউল্লাহ ১/২৫, ইলিয়াস ১/৬৬)।
ফল: খুলনা ৫ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: আবদুর রাজ্জাক।
বরিশাল: ৩২৩ ও ৬৪.৪ ওভারে ২২৯ (সালমান ৬২, শাহিন ৪১, মানিক ৩১*, নুরুজ্জামান ৩০, শাহরিয়ার ২০; অপু ৪/৪৫, সাব্বির ২/১৪, নূর ২/৬৮, শাহাদাত ১/১৭, তাইবুর ১/৩১)। ঢাকা বিভাগ: ১২৫.৫ ওভারে ৪৪৩ (তাইবুর ১০২, মজিদ ৮৬, শুভাগত ৭৭, রনি ৩৬, নাদিফ ৩৫, নূর ৩৩; নুরুজ্জামান ৩/২, কামরুল ৩/৮৪, মনির ২/১২৫, মানিক ১/২৫, তৌহিদুল ১/৭৫) ও ২৩.৩ ওভারে ১১২/২ (রনি ৪৭*, মজিদ ৩৩, তাইবুর ৩১; মনির ২/৩৬)।
ফল: ঢাকা বিভাগ ৮ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: তাইবুর পারভেজ।
রাজশাহী: ৬৭৫/৯ ডি. ও ১৪ ওভারে ১২৮/২ ডি. (মুশফিক ৫৪*, ফরহাদ হোসেন ৪০*; মেহেদী ১/৩৮, আকবর ১/৫৭)। চট্টগ্রাম: ২০৮ ও ৪৩.৪ ওভারে ১৯২ (মুমিনুল ৭৫, মেহেদী ৩৫, আল মামুন ২৩, ফয়সাল ২১; সানজামুল ৩/২৯, ফরহাদ হোসেন ২/৬৩, মুক্তার ১/১৭, তাইজুল ১/৩৫)।
ফল: রাজশাহী ৪০৩ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফরহাদ রেজা।
রংপুর: ৩৯১ ও ৫৪ ওভারে ২২৮/৬ ডি. (আরিফুল ৫৮*, নাসির ৪৭, তারিক ৩২, সায়মন ২৩, নাঈম ২৩, সোহরাওয়ার্দী ২১; নাসুম ৩/৬৩, এনামুল জু. ১/৩৫, সায়েম ১/৪৭, রাজিন ১/৪৮)। সিলেট: ১৪৩ ও ৪৬.৩ ওভারে ১৬২ (সাকের ৩১, রাজিন ২৩, আকবর ২১, নাসুম ২০*; সাজেদুল ৪/৪৬, মাহমুদুল ৩/৩৫, শুভাশিস ২/২০, তানভীর ১/৯)।
ফল: রংপুর ৩১৪ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: নাঈম ইসলাম।
জাতীয় ক্রিকেট লিগে ইনিংসে সেরা বোলিং
বোলার ম্যাচ ভেন্যু মৌসুম
৯/৮৪ আবদুর রাজ্জাক খুলনা-চট্টগ্রাম বগুড়া ২০১২-১৩
৯/৯১ আবদুর রাজ্জাক খুলনা-ঢাকা মহানগর কক্সবাজার ২০১৩-১৪
৯/১০৫ মোশাররফ হোসেন বরিশাল-চট্টগ্রাম বরিশাল ২০০৪-০৫