শেখ রাসেল আর ফুটবল লিগের শিরোপার মধ্যে এখন দূরত্ব ৪ পয়েন্ট। হাতে আছে দুটি ম্যাচ। প্রতিপক্ষ শেখ জামাল ও ফেনী সকার। কঠিন কিছু নয়। তবে ফুটবলে অনেক কিছুই ঘটতে পারে। তেমন কিছুর অপেক্ষায় রাসেলের দুই প্রতিদ্বন্দ্বী আবাহনী ও শেখ জামাল।আরামবাগ কাল ভয় ধরিয়ে দিয়েছিল রাসেলকে। রাসেল পয়েন্টই হারিয়ে বসতে পারত। শেষ মুহূর্তে ৬ গজি বক্সের ওপর থেকে বারের ওপর বল তুলে মেরেছেন আরামবাগের ডালিম। শেষপর্যন্ত সনি নর্দে ও এমিলির গোলে ম্যাচটা শেখ রাসেল জিতেছে ২-১ ব্যবধানে।যেভাবেই আসুক, জয়ই এখন রাসেলের কাছে শেষ কথা। তাই সুন্দর ফুটবল ছেড়ে দলটা এখন দৌড়াচ্ছে ৩ পয়েন্টের পেছনে। টানা দুই ম্যাচেই রাসেল খেলল ‘ফলনির্ভর’ ফুটবল। এবং তাতে তারা সফল। ১৪ ম্যাচে রাসেলের পয়েন্ট হলো ৩২। সমান ম্যাচে আবাহনীর ২৯, জামালের ১৩ ম্যাচে ২৮।কাল ১৭ মিনিটে প্রথম গোল পেয়েছে রাসেল, এমিলির পাস থেকে দারুণ শটে সনি নর্দের গোল। ব্যবধানটা দ্বিগুণ হয়েছে ৩৬ মিনিটে। তারিকের ঠেলে দেওয়া বল এমিলি এক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢোকেন, আরামবাগের আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলটা রাখেন জালে।দ্বিতীয়ার্ধে আরামবাগ খেলেছে প্রাধান্য নিয়ে। গোলও পেয়েছে ৫৬ মিনিটে। মামুন ব্যবধান কমালে জমে ওঠে ম্যাচটা। তারপর সমতাসূচক গোলের জন্য অনেকবারই ঝাঁপিয়েছে আক্রমণে। ভাগ্য ভালো রাসেলের। দুর্ভাগ্য আরামবাগের, একটা পয়েন্ট পেলে অবনমন বাঁচানোর লড়াইয়ে একটু এগোতে পারত তারা। অবস্থাটা এমন ছিল, যেন শেষ বাঁশি শোনার পর হাঁফ ছেড়ে বেঁচেছে রাসেল।মোহামেডানের প্রতিশোধরাসেলের জয়ের দিনে মোহামেডান প্রতিশোধ নিয়েছে মুক্তিযোদ্ধার বিপক্ষে। লিগের প্রথম পর্বে গোপালগঞ্জে এই মুক্তিযোদ্ধার কাছেই ৪-১ গোলে উড়ে যায় মোহামেডান। ফিরতি পর্বে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল সাদাকালোদের জয় ১-০ গোলে।চুক্তির টাকা না পেয়ে তিন দিন আগে বিদ্রোহ করেছিলেন মুক্তিযোদ্ধার খেলোয়াড়েরা। তার প্রভাব পড়েছে দলটার খেলায়ও। তাই হারই মেনে নিতে হয়েছে। ৬২ মিনিটে জয়সূচক গোলটা করেছেন মেজবাবুল মানিক। তবে রেফারি গোল দিয়েছেন মরিসনের নামে।মোহামেডানের পয়েন্ট ১৪ ম্যাচে ২৪। লিগ টেবিলে অবস্থান চারে। ১৬ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা ছয়ে। আরামবাগ আছে নয়ে। ১৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আরামবাগের অবনমন বাঁচানো কঠিনই হয়ে পড়েছে এবার।