আরেক নাদিয়ার অপেক্ষায় রোমানিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের জিমন্যাস্টিকসে বরাবরই আধিপত্য বিস্তার করেছিল রোমানিয়া। অলিম্পিকে ২৩টি সোনা জিতেছেন পূর্ব ইউরোপের এ দেশটির নারী জিমন্যাস্টরা। কিন্তু ১৯৯০ সালের পর হঠাত্ করেই অর্থ বরাদ্দ ও অ্যাথলেটদের পারিশ্রমিক কমে যাওয়ার কারণে কিছুটা বিপর্যস্তই হয়ে পড়েছিল রোমানিয়ার জিমন্যাসটিকস অঙ্গন। তবে সম্প্রতি আবার পুরোনো ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন দেশটির নারী জিমন্যাস্টরা। আর এবারের লন্ডন অলিম্পিকেও সেই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তাঁরা।এ বছরের মে মাসে ব্রাসেলসে অনুষ্ঠিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে পাঁচটির মধ্যে চারটিতেই সোনা জিতেছেন রোমানিয়ার নারী জিমন্যাস্টরা। এ সাফল্যটা দীর্ঘদিন পরে নতুন করে উজ্জীবিত করেছে দেশটির নারী অ্যাথলেটদের। আর এবারের লন্ডন অলিম্পিকে সাফল্য পাওয়ার জন্যই এখন মরিয়া হয়ে আছেন তাঁরা। সম্প্রতি এক সাক্ষাত্কারে দেশটির জিমন্যাস্টিকসের কোচ অক্টেভিয়ান বেলু বলেছেন, ‘এটা অলিম্পিকের আগে একটা প্রস্তুতিপর্ব ছিল। এখন আমাদের সামনে শুধু একটাই লক্ষ্য—লন্ডন অলিম্পিকে সাফল্য অর্জন।’ ১৯৭৬ সালের মন্ট্রিয়েল অলিম্পিকে বিশ্বের প্রথম জিমন্যাস্ট হিসেবে ‘ম্যাজিকেল টেন’ অর্জন করেছিলেন নাদিয়া কোমেনিচি। এরপর তাঁর পদাঙ্ক অনুসরণ করে অনেক নারী জিমন্যাস্টই রোমানিয়াকে এনে দিয়েছেন কাঙ্ক্ষিত সাফল্য। কিন্তু ১৯৮৯ সালে স্বৈরশাসক নিকোলাস চসেস্কু ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্য অনেক খেলার মতো জিমন্যাস্টদের পারিশ্রমিক ও খেলাটির উন্নয়নে বরাদ্দ কমে যায় আশঙ্কাজনক হারে। অনেক জিমন্যাসটিকস কোচই পাড়ি জমান বিদেশে। তার পরও নিজেদের হারানো গৌরব পুনরুদ্ধার করতে লড়ে যাচ্ছেন দেশটির ক্রীড়াপ্রেমী কিছু মানুষ। এমনটাই বলেছেন রোমানিয়ার জিমন্যাসটিকস ফেডারেশনের সভাপতি আদ্রিয়ান স্টোইকা। তাঁর ভাষায়, ‘অন্য সব খেলার মতো জিমন্যাটিকস কম অর্থ বরাদ্দের নির্মম শিকার। অ্যাথলেটদের নিম্ন পারিশ্রমিক একটি প্রধান সমস্যা। রোমানিয়ার সেরা কোচরা পাড়ি জমাচ্ছেন বিদেশে। তার পরও তীব্র দেশপ্রেমের কারণে অনেকে থাকছেন।’বর্তমানে জিমন্যাস্ট সংকটও আছে রোমানিয়ার। এখন দেশটির নথিভুক্ত জিমন্যাস্ট মাত্র ২৫০ জন। তাঁদের মধ্য থেকে অলিম্পিকের জন্য খেলোয়াড়দের বেছে নিতেও হিমশিম খেতে হচ্ছে রোমানিয়ার জিমন্যাস্টিকস ফেডারেশনকে। নারী জিমন্যাটিকস কোচ অক্টেভিয়ান বেলু বলেছেন, ‘দেশজুড়ে আমাদের এখন মাত্র তিনজন নারী আছেন, যাঁরা শীর্ষ পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম। আর তাঁরাই অলিম্পিকের জন্য নিজেদের প্রস্তুত করছেন।’ তবে এত বাধাবিপত্তির মধ্যেও এবারের অলিম্পিকে ভালো ফল করার আশা করছেন তিনি। তবে শেষ পর্যন্ত কী হবে, সেটা জানার জন্য চূড়ান্ত আসরের দিকেই তাকিয়ে থাকতে হবে সবাইকে।