আরেক প্রস্থ হেনিন-ক্লাইস্টার্স
দুজনের মধ্যে অনেক ব্যাপারে মিল। একসঙ্গে বেড়ে উঠেছেন। প্রায় একই সঙ্গে খেলা শুরু। অবসরেও গিয়েছিলেন প্রায় একই সঙ্গে। অবসর ভেঙে ফিরেছেনও প্রায় একসঙ্গে। বলা হচ্ছে, বেলজিয়ান টেনিস তারকা জাস্টিন হেনিন ও কিম ক্লাইস্টার্সের কথা। ক্যারিয়ারে ২৩ বার মুখোমুখি লড়াইয়ে হেনিন জিতেছেন ১২ বার, ক্লাইস্টার্স ১১ বার। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর আবারও দেখা হচ্ছে মায়ামি মাস্টার্সের সেমিফাইনালে।পরশু কোয়ার্টার ফাইনালে মেয়েদের দুই নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওঝনিয়াকিকে ৬-৭ (৫/৭), ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন হেনিন। ক্লাইস্টার্স জিতেছেন (৬-৩, ৭-৫) অস্ট্রেলিয়ান সামান্তা স্টোসুরের বিপক্ষে। তবে ক্লাইস্টার্সকে সামনে পেয়ে হেনিন বেশ রোমাঞ্চিত, ‘ওর বিপক্ষে খেলাটা সব সময়ই বিশেষ কিছু ছিল এবং বিশেষ কিছুই হয়ে থাকবে।’ অবসর ভেঙে ফেরার পর টেনিস কোর্টে দুজনের দেখা কিন্তু এই প্রথম নয়। গত জানুয়ারিতে ব্রিসবেন ইন্টারন্যাশনালের টেনিসের ফাইনালে ক্লাইস্টার্স হারিয়েছিলেন হেনিনকে। ওই ম্যাচটাকে বিশেষভাবে মনে রেখেছেন ক্লাইস্টার্স, ‘আমার ক্যারিয়ারে ওটা অন্যতম মজার এবং রোমাঞ্চকর ম্যাচ।’ ওই ম্যাচে দুটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ক্লাইস্টার্স জিতেছিলেন ৬-৩, ৪-৬ ও ৭-৬ গেমে।টুর্নামেন্টে ছেলেদের সেমিফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল ও অ্যান্ডি রডিক। পরশু কোয়ার্টার ফাইনালে নাদাল ৬-৩, ৬-২ গেমে জো-উইলফ্রায়েড সোঙ্গাকে এবং রডিক ৬-৩, ৬-৩ গেমে নিকোলাস আলমাগ্রোকে হারিয়েছেন। এএফপি।