আরেক ফেরার লড়াইয়ে রুবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলে ভাগাভাগি হয়ে জমজমাট ফুটবল ম্যাচ। ক্যাচ প্র্যাকটিস আর নেটে কিছুক্ষণ ঠোকাঠুকি। টেস্ট মর্যাদা পাওয়ার পর শেখ আবু নাসের স্টেডিয়ামে এই ছিল বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন। নেটে খানিকক্ষণ ঘাম ঝরিয়ে ড্রেসিংরুমে ফিরছিলেন রুবেল হোসেন। সিঁড়ির মুখে এসে হঠাৎ পেছনে ফিরে তাকালেন আকাশের দিকে। বিকেল চারটাতেই চারপাশ যেন অন্ধকার হয়ে এসেছে। আকাশ ছেয়ে গেছে কালো মেঘে!কী ভাবলেন রুবেল, কে জানে। কালো মেঘ যদি আকাশের কান্না হয়ে নামে, ম্যাচ ভেস্তে যাওয়ার শঙ্কা তো আছেই। তবে একটু আগেই যা বলে গেছেন, তাতে খুব একটা অখুশি হওয়ার কথা নয় রুবেলের! বৃষ্টির ফাঁকে ফাঁকে খেলা হলেই কেবল এই উইকেটে পেসারদের একটু আশা আছে! জাতীয় লিগে এবার দুটি ম্যাচ হয়েছে খুলনায়, দুটিতেই খেলেছেন রুবেল। সেই অভিজ্ঞতা তাঁকে শিখিয়েছে, ‘এই মাঠের উইকেট এমনিতে ব্যাটিং উপযোগী। তবে জাতীয় লিগে থেমে থেমে বৃষ্টি হয়েছে। ম্যাচ শুরু হয়েছে, আবার বৃষ্টি হয়েছে। আকাশ মেঘলা থাকলে পেসাররা উইকেট থেকে সাপোর্ট পায়। এ ছাড়া এটা ব্যাটিং উইকেট।’এই উপমহাদেশের উইকেটে ন্যূনতম সহায়তা পাওয়ার আশাও পেসারদের রোমাঞ্চিত করে তুলতে পারে। তবে আকাশভাঙা বৃষ্টিতে ম্যাচটাই ভেস্তে যাক, এটা নিশ্চয়ই রুবেল কোনোভাবেই চাইবেন না। দেশের সপ্তম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেকের অপেক্ষায় আবু নাসের স্টেডিয়াম। গোটা শহরে সাজ সাজ রব, মাঠসহ শহরের নানা জায়গায় আলোকসজ্জা। মাঠ ও টিম হোটেলের বাইরে শত শত উৎসুক মানুষ। বৃষ্টির ছোবলে এই উৎসবের আবহ তছনছ হোক, এটা কোন বেরসিক চাইবেন? এই সপ্রাণ আবহের চেয়ে উইকেটের প্রাণ নিশ্চয়ই বড় নয় রুবেলের কাছে! তা ছাড়া, রুবেলের রোমাঞ্চটা আরেকটু বেশি হওয়ার কথা। এই মাঠের অভিষেক টেস্ট তো ঘরের মাঠেও রুবেলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ!শুধু রুবেল নন, সাকিব আল হাসানেরও এটা ঘরের মাঠে প্রথম টেস্ট। তবে পুরোপুরি ঘরের মাঠ বলা ঠিক হবে কি না, তা নিয়ে বিতর্ক হতে পারে। সাকিবের বাড়ি মাগুরা আর রুবেলের বাগেরহাট। রুবেল কিন্তু আপত্তি করছেন না, ‘ঘরের মাঠই বলতে পারেন। আমাদের বিভাগ তো খুলনা, জাতীয় লিগে খুলনার হয়ে খেলি।’ তবে নিজের শহর নয় বলেই হয়তো বাড়তি রোমাঞ্চ কাজ করছে না ‘ঘরের মাঠে’ অভিষেক নিয়ে। শুধু জানালেন, ‘বিশেষ কোনো ইচ্ছা নেই, ভালো বোলিং করতে চাই।’ভালো বোলিং করার প্রথম শর্ত হলো শরীরটা ভালো থাকা। দীর্ঘ চোট কাটিয়ে ফেরা শরীর টানা দুটি টেস্ট খেলার ধকল সইতে পারবে কি না, এই প্রশ্ন থাকতে পারে। তবে রুবেল জানালেন, কোনো সমস্যা নেই, ‘এখন ভালো আছি। শুরুর দিকে (ঢাকা টেস্টের) পুরো শক্তি দিয়ে থ্রো করতে পারছিলাম না। টেস্ট ম্যাচে তো আসলে সব সময় অত জোরে থ্রো করার প্রয়োজনও হয় না। সার্কেল থেকে ভালোই থ্রো করতে পারছি। দূর থেকে থ্রো করার সময় একটুখানি সতর্ক।’ঢাকা টেস্টের দুই ইনিংসে দেখা গেছে ‘দুই’ রুবেলকে। প্রথম ইনিংসে ধারহীন, ১৮ ওভারে ৮৯ রান দিয়েও উইকেটশূন্য। দ্বিতীয় ইনিংসে যেন চোট পাওয়ার আগের সেই রুবেল। ৫৩ রান দিয়ে পেয়েছেন ক্রিস গেইল ও ড্যারেন ব্রাভোর উইকেট। দীর্ঘদিন দূরে থাকা নাকি আত্মবিশ্বাসেও খনিকটা মরচে ধরিয়েছিল, ‘প্রথম ইনিংসে আসলে অতটা আত্মবিশ্বাস পাচ্ছিলাম না। অনেক দিন পর খেলছি, তা-ও টেস্ট ম্যাচ, শুরুতে আসলে খেই হারিয়ে ফেলছিলাম। প্রথম ইনিংসে অনেক রান দেওয়ার পর ভেবেছি, দ্বিতীয় ইনিংসে আমাকে ভালো করতেই হবে। আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।’ফিরে পাওয়া আত্মবিশ্বাসে বাড়তি জ্বালানি গেইলের উইকেটটা। তবে নিজের পুরো গতি এখনো ফিরে পাননি। দলে ফেরার পর রুবেলের লড়াই এখন ‘আগের নিজেকে’ ফিরে পাওয়া ‘পেসটা আগের মতো পাচ্ছি না। তবে ম্যাচ খেলতে খেলতে ঠিক হয়ে যাবে। চোটে পড়ার আগে খুব ভালো বোলিং করছিলাম। এখন আবার ফিরেছি, চেষ্টা করছি আগের ফর্মে ফিরে যেতে।’ঘরের মাঠে অভিষেকেই ফিরে আসুক না চোট পাওয়ার আগের সেই রুবেল!