আরেক ফ্যালকাওয়ের আবির্ভাব
আশির দশকের ব্রাজিলিয়ান ফুটবল তারকা ফ্যালকাওয়ের নামে রাখা হয়েছিল তাঁর নাম। এত দিনে সেই নামের স্বার্থকতা কিছুটা দেখাতে পারলেন পর্তুগিজ ক্লাব পোর্তোর কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। পরশু রাতে ঘরের মাঠে ইউরোপা লিগের সেমিফাইনালের প্রথম লেগে তাঁর চার গোলে স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে ৫-১ গোলে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেল পর্তুগিজ চ্যাম্পিয়নরা। দিনের অন্য সেমিতে আরেক পর্তুগিজ ক্লাব বেনফিকা ২-১ গোলে হারিয়েছে স্বদেশি স্পোর্টিং ব্রাহাকে। আগামী ৫ মের দ্বিতীয় লেগের পর ১৮ মে ডাবলিনে হবে ফাইনাল।পরশুর চার গোল নিয়ে মোট ১৬ গোল করে ফ্যালকাও ভেঙেছেন ১৯৯৫-৯৬ মৌসুমে বায়ার্ন মিউনিখের ইয়ুর্গেন ক্লিন্সম্যানের ১৫ গোলের রেকর্ড। তবে ম্যাচের প্রথম গোলটি করেছিল ভিয়ারিয়ালই, প্রথমার্ধের শেষ মিনিটে ক্যানির গোলে এগিয়ে যায় স্প্যানিয়ার্ডরা। দ্বিতীয়ার্ধের শুরুর চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান ফ্যালকাও। এরপর ৬৭, ৭৫ ও ৯০ মিনিটে আরও ৩ গোল করেন ২৫ বছর বয়সী স্ট্রাইকার। ৬১ মিনিটে পোর্তোর অন্য গোলটি করেছেন আরেক কলম্বিয়ান ফ্রেডি গুয়ারিন।লিসবনে হওয়া অন্য ম্যাচে ৫০ মিনিটে ব্রাজিলিয়ান মারিও জার্ডেলের গোলে এগিয়ে যায় বেনফিকা। দুই মিনিট পরে ব্রাহাকে ম্যাচে ফেরায় ভানদিনহো। ৫৯ মিনিটে প্যারাগুইয়ান কারডোজো জয়সূচক গোল করেন বেনফিকার পক্ষে। এএফপি।