আরেক বোল্ট আসছেন
বোল্ট আসছেন! ঝড় তুলতে। না, উসাইন বোল্ট ইনি নন; এই বোল্ট ট্র্যাকেও ঝড় তুলবেন না। নাম সাদিকি বোল্ট; ঝড় তোলার স্বপ্ন দেখেন ক্রিকেট মাঠে, ২২ গজে।নাম শুনে ঠিকই অনুমান করেছেন। এই বোল্ট বিশ্বের সর্বকালের সেরা দ্রুততম মানব উসাইনেরই ভাই। সৎভাই অবশ্য। সে যা-ই হোক, রক্তে তাঁরও গতির নেশা। জ্যামাইকার এই ক্রিকেটার অবশ্য পুরোদস্তুর বোলার নয়, স্বপ্ন দেখেন অলরাউন্ডার হওয়ার। ঝড়টা ব্যাট হাতেও তুলতে চান, বল হাতেও।সাদিকি প্রথম আলোচনায় আসেন মাস কয়েক আগে অস্ট্রেলিয়ায় এক ঘরোয়া ক্রিকেটে খেলতে গিয়ে। তখন অবশ্য তাঁকে নিয়ে বেশি মাতামাতি হচ্ছিল উসাইন বোল্টের ভাই—এই পরিচয়ের সূত্রেই। ব্যাপারটা সাদিকির মোটেও ভালো লাগেনি। ভাইয়ের পরিচয়ে নয়; তিনি স্বতন্ত্র পরিচয়ে পরিচিত হতে চান।তার মানে ভাববেন না, ভাইয়ে ভাইয়ে শত্রুতা আছে। বরং দুই ভাই একসঙ্গেই থাকেন। উসাইনের অনুশীলনেও অনেক সময় সঙ্গী হন সাদিকি। সাদিকির নেটেও এসে হাত ঘুরিয়ে যান উসাইন।তবে সাংবাদিকেরা, বিশেষ করে বিদেশি সাংবাদিকেরা তাঁর সঙ্গে আলাপ জমাতে চান উসাইনের ভাই বলেই, এটা সাদিকির ভালো লাগে না। ২৪ বছর বয়সী সাদিকি নিজের পরিচয়েই পরিচিত হতে পারেন। কিংসটনের মেলবোর্ন ক্রিকেট ক্লাবের কোচ রবার্ট স্যামুয়েলসের সেই বিশ্বাস আছে। স্যামুয়েলসের ধারণা, গত কয়েক বছরে উসাইন বোল্টের অবিস্মরণীয় কাণ্ডকীর্তির কারণেই সাদিকির ফার্স্ট ক্লাস অভিষেক বিলম্বিত হয়েছে।মেলবোর্ন ক্লাবেরও আছে শতবর্ষের ঐতিহ্য। সম্প্রতি টানা চতুর্থবারের মতো আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়া ক্লাব থেকে ১৩ জন ক্রিকেটার উঠে এসেছেন, যাঁদের মধ্যে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি মাইকেল হোল্ডিং, কোর্টনি ওয়ালশরাও।আগামীর হোল্ডিং-ওয়ালশই হয়ে ওঠার স্বপ্ন সাদিকির, ‘আমার জন্য কোনো লক্ষ্যই অসম্ভব মনে হয় না। আমার জন্য আকাশ ছোঁয়াই হলো লক্ষ্য। কারণ আমি মনে করি, সেই প্রতিভা আমার আছে। গত শীতে সিডনিতে গিয়েছিলাম। সেখানে নাথান ব্র্যাকেনের (অস্ট্রেলীয় পেসার) সঙ্গে বল করেছি। ওই বলেছে, আমার মধ্যে ভালো ফাস্ট বোলার হয়ে ওঠার সব গুণই আছে।’বয়সের দিক দিয়ে সমবয়সী ভাইয়েরও ভীষণ ভক্ত সাদিকি। দৌড়েও পাল্লা দেন বিশ্ব রেকর্ডধারীর সঙ্গে, ‘প্রায়ই সকালে আমরা অনুশীলনে যাই। ও দৌড় দিয়ে যা যা করে, আমিও সেটা করে দেখাই। অবশ্য ও যে আমার অনেক আগে শেষ করে সেটা আর বলতে!’ ওয়েবসাইট।