আরেক রাইটের পদত্যাগ
চলতি মাসের গোড়ার দিকে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে কোচের পদ ছেড়েছেন জন রাইট। আজ মঙ্গলবার পদত্যাগের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের বোলিং কোচ ড্যামিয়েন রাইটও।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ড্যামিয়েন রাইট এখনই দায়িত্ব ছাড়ছেন না। ছাড়বেন আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর।পরপর দুই কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা নিউজিল্যান্ড ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কা, সন্দেহ নেই। গত মে মাসে পদত্যাগের ঘোষণা দেওয়ার সময় জন রাইট ইঙ্গিত দিয়েছিলেন, তাঁর পদত্যাগের অন্যতম কারণ বোর্ডের ক্রিকেট পরিচালক জন বুকাননের সঙ্গে বনিবনা না হওয়া। ড্যামিয়েন রাইট অবশ্য এমন কিছু বলেননি। সরে দাঁড়ানোর পেছনে পারিবারিক কারণকে তুলে ধরেছেন তিনি।‘নিউজিল্যান্ড দলের দায়িত্ব সত্যি বেশ উপভোগ করেছি। দায়িত্ব ছাড়ার এই সিদ্ধান্ত কঠিন ছিল। এই সিদ্ধান্তের কারণ, পরিবারের থেকে অনেক দূরে থাকতে হচ্ছে আমাকে। ঘরে ফেরার তাগিদ অনুভব করছি।’ এক বিবৃতিতে বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার রাইট।গত সেপ্টেম্বরে অ্যালান ডোনাল্ডের স্থলাভিষিক্ত হয়েছিলেন ড্যামিয়েন রাইট। কিন্তু এক বছর যেতে না-যেতেই পদত্যাগের ঘোষণা দিয়ে বসলেন তিনি। ৩৭ বছর বয়সী রাইটের ১৫ বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১১ সালে অবসর নেওয়ার আগে ১২৩টি প্রথম শ্রেণীর ম্যাচে অংশ নেন রাইট, শিকার করেন ৪০৬ উইকেট। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, এ সপ্তাহেই নতুন বোলিং কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে।জন রাইটের উত্তরসূরি হিসেবে এরই মধ্যে নিউজিল্যান্ডের দায়িত্ব নিয়েছেন ‘অখ্যাত’ মাইক হ্যাসন। তাঁর অভিজ্ঞতাটা অবশ্য সুখকর হয়নি। প্রথম মিশনেই পরশু হায়দরাবাদ টেস্টে ভারতের কাছে ইনিংস ও ১১৫ রানে হেরেছে নিউজিল্যান্ড। রয়টার্স।