গতকাল আহমেদাবাদে ওয়ানডে ক্রিকেটে ৩০তম সেঞ্চুরির পথে ৫২ রানের মাথায় আন্তর্জাতিক ক্রিকেটে ২৬ হাজার রান পূর্ণ হয় রিকি পন্টিংয়ের। কালকের ইনিংস শেষে তিনটি বিশ্বকাপজয়ী অস্ট্রেলীয় অধিনায়কের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে মোট রান ২৬০৫২। ৩২ হাজারের ওপরে রান নিয়ে একমাত্র শচীন টেন্ডুলকারই আছেন পন্টিংয়ের আগে। টেন্ডুলকার ও পন্টিংসহ সাতজন ব্যাটসম্যান আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারের বেশি রান করেছেন। প্রোটিয়া অলরাউন্ডার জ্যাক ক্যালিস (২৩৬৩৯) আছেন তৃতীয় স্থানে। এরপর ভারতের রাহুল দ্রাবিড় (২২৮২৮), ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (২২৩৫৮), শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া (২১০২২) ও পাকিস্তানের ইনজামাম-উল হক (২০৫৮০)। টেস্ট খেলুড়ে অন্যান্য দেশের পক্ষে সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের মালিকেরা হলেন নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিং (১৫৩১৯), ইংল্যান্ডের গ্রাহাম গুচ (১৩১৯০), জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার (১১৫৮০) ও বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল (৫৯৪৩)।