আরেক সার্জিওতে ফিরল '৯০

দুই যুগ পর সেমিফাইনাল। দুই যুগ পর ফাইনাল। এবার আর্জেন্টিনার বিশ্বকাপ পথচলায় বারবার ফিরে আসছে ১৯৯০। কিন্তু সার্জিও গয়কোচিয়া ফিরছিলেন কোথায়!
ডিয়েগো ম্যারাডোনা ১৯৮৬ বিশ্বকাপ জিতিয়েছেন আর্জেন্টিনাকে। ম্যারাডোনা ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে তুলেছেন দলকে। সার্জিও গয়কোচিয়ার কথা প্রায়ই ভুলে যান সবাই। মনে করানোর দায়িত্বটা নিলেন আরেক সার্জিও। এক সার্জিওর টাইব্রেকার বীরত্বে ১৯৯০ বিশ্বকাপের ফাইনাল খেলেছিল আর্জেন্টিনা। আরেক সার্জিওর টাইব্রেকার–বীরত্বে আরেকটি ফাইনাল। এবার সার্জিও রোমেরো।
১৯৯০ বিশ্বকাপ দলে সার্জিও গয়কোচিয়া ছিলেন কোচ কার্লোস বিলার্দোর দ্বিতীয় পছন্দের গোলকিপার। গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে সোভিয়েত রাশিয়ার বিপক্ষে পা ভেঙে গেল মূল গোলকিপার নেরি পাম্পিদোর। মাঠে নামলেন গয়কোচিয়া, ৮ মাস পর! অবিশ্বাস্য হলেও সত্যি, আগের ৮ মাস লিগ বা জাতীয় দলে একটি ম্যাচও খেলেননি গয়কোচিয়া। তখন ক্লাব ফুটবল খেলতেন কলম্বিয়ার মিলোনারিওসে। এক রেফারির খুন হওয়ার সূত্র ধরে সেবার বাতিল হয়ে গেল কলম্বিয়ান লিগ। জাতীয় দলে তো পাম্পিদোই ছিলেন। ম্যাচ অনুশীলনের দীর্ঘ খরায় থাকা গয়কোচিয়া আচমকাই নিজেকে আবিষ্কার করলেন বিশ্বকাপের ম্যাচে।
হঠাৎ পাওয়া সুযোগটাকেই কাজে লাগিয়ে হয়ে গেলেন রূপকথার নায়ক। ধারহীন আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বৈতরণি পেরিয়েছিল সেবার গয়কোচিয়ার অবিশ্বাস্য গোলকিপিংয়ে। যুগোস্লাভিয়ার বিপক্ষে গোলশূন্য কোয়ার্টার ফাইনালের টাইব্রেকারে ঠেকিয়ে দিলেন দুটি শট। সেমিফাইনালে স্বাগতিক ইতালির বিপক্ষে ১-১ ড্র ম্যাচের টাইব্রেকারে ফেরালেন আরও দুটি! রোমেরো এবার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকার পাননি। সেমিতে ঠিকই গয়কোচিয়ার মতো ফেরালেন দুটি শট। ফুটবল-বিধাতাই যেন ঠিক করে রেখেছিলেন, আরেকজন সার্জিওর হাত ধরেই আবার ফাইনাল খেলবে আর্জেন্টিনা!
তবে নব্বইকে ফেরানো বা গয়কোচিয়ার সঙ্গে মিল, এখানেই থামাতে চাইবেন রোমেরো। ফাইনালে যে আবারও জার্মানি! সেবার আন্দ্রেয়াস ব্রেমার পেনাল্টি গোলে ফাইনাল জিতেছিল জার্মানি। ঠিক দিয়ে ডাইভ দিয়েও ফেরাতে পারেননি গয়কোচিয়া। রোমেরোও নিশ্চয়ই ট্রাজেডির নায়ক হতে চাইবেন না!