আরেক ‘হ্যান্ড অব গড’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপের বাইরে থেকে এই প্রথম পোপের মতো মহাগুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন কেউ। আর সেই ব্যক্তিটি আর্জেন্টাইন! হোর্হে মারিও বেরগোগলিও পোপ নির্বাচিত হওয়ায় আর্জেন্টাইনদের অন্য রকম গর্বই হচ্ছে। খোদ ডিয়েগো ম্যারাডোনা বিশেষ বার্তায় অভিনন্দন জানিয়েছেন নবনির্বাচিত পোপ বেরগোগলিওকে, যিনি এখন থেকে পোপ ফ্রান্সিস নামে পরিচিত হবেন। রোমান ক্যাথলিক ধর্মে বিশ্বাসী এই আর্জেন্টাইন কিংবদন্তি এই জয়কে তুলনা করেছেন ইংল্যান্ডের বিপক্ষে ’৮৬ বিশ্বকাপের সেই জয়ের সঙ্গেও! সেই ম্যাচে হাত দিয়ে গোল করার পর ম্যারাডোনা বলেছিলেন, এটি ঈশ্বরের হাত ছিল। রূপক অর্থে আসলে বোঝাতে চেয়েছিলেন, ঈশ্বরের কৃপাতেই তাঁরা জিতেছেন ম্যাচটি। এবার পোপ নির্বাচনেও ‘ঈশ্বরের হাত’ ছিল বলে বিশ্বাস ম্যারাডোনার।ইতালির রোমের একটি পত্রিকায় ম্যারাডোনা লিখেছেন, ‘আমি সত্যিই ভীষণ আনন্দিত। আমার এই উচ্ছ্বাস আমি প্রত্যেক আর্জেন্টাইনের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। আর্জেন্টিনার প্রত্যেকের নিশ্চয়ই ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই “হ্যান্ড অব গডে”র কথা মনে আছে। এবার সেই “হ্যান্ড অব গড”ই আর্জেন্টিনাকে একজন পোপ এনে দিল।’নতুন পোপ নাকি আবার ফুটবলেরই মানুষ। ধর্মীয় নেতা হলেও খেলাধুলার জগৎ থেকে বিচ্ছিন্ন ছিলেন না। আর্জেন্টাইন ক্লাব সান লরেঞ্জোর পাঁড় ভক্ত। লরেঞ্জোর জার্সি হাতে নিয়ে তোলা পোপ ফ্রান্সিসের ছবি ক্লাবটির ওয়েবসাইটে শোভাও পাচ্ছে। রয়টার্স।